
আমেরিকা, রাশিয়া, চিনের পর এবার ইতিহাস গড়ে মহাকাশে স্বয়ংক্রিয় ভাবে হ্যান্ডশেক বা সংযুক্ত হয়েছে ইসরোর দুটি স্যাটেলাইট। এরপর যুক্ত হবে অন্যান্য প্রয়োজনীয় যন্ত্রাংশ। যা ভবিষ্যতে মহাকাশ স্টেশনের তৈরির পথ প্রশস্ত করবে।
১২ জানুয়ারি ইসরোর পক্ষ থেকে জানানো হয়েছিল, ১৫ মিটার থেকে ৩ মিটার দূরত্ব পর্যন্ত কাছাকাছি আনার পরে ফের দুই উপগ্রহকে নিরাপদ দূরত্বে সরিয়ে দেওয়া হয়েছিল। এদিনই দুটি স্যাটেলাইটকে একসঙ্গে হ্যান্ডশেক করানো হয়েছে। মহাকাশে দুই উপগ্রহকে একই বিন্দুতে অবস্থান করানোর নামই স্পেস ডকিং। ইসরোর লক্ষ্য ছিল স্পেডেক্স ১ ও স্পেডেক্স ২, এই দুই কৃত্রিম উপগ্রহকে একত্রিত করা।
৩০ ডিসেম্বর সেই দুই উপগ্রহকে উৎক্ষেপণ করা হয়েছিল। এদের মধ্যে স্পেডেক্স ১ হল চেজার। স্পেডেক্স ২ টার্গেট। এই পরীক্ষা সাহায্য করবে চন্দ্রযান ৪ অভিযানের ক্ষেত্রেও।
