লন্ডন থেকে নিউইয়র্ক যেতে ৬০ মিনিট!

0
102
ছবি সৌজন্যে : এক্স

আমেরিকার টেক্সাসভিত্তিক মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান ভেনাস অ্যারোস্পেস সম্প্রতি তাদের হাইপারসনিক বিমান স্টারগেজার-এর সফল পরীক্ষামূলক উড়ান সম্পন্ন করেছে। এই বিমানটি লন্ডন থেকে নিউইয়র্কের দূরত্ব মাত্র এক ঘণ্টায় অতিক্রম করতে সক্ষম হবে বলে আশা করা হচ্ছে। স্টারগেজার বিমানটি ঘণ্টায় প্রায় ৪ হাজার ৬০০ মাইল অর্থাৎ প্রায় ৭ হাজার ৪০০ কিলোমিটার বেগে চলতে সক্ষম, যা শব্দের গতির ছয় গুণ।

এটি ১ লক্ষ ১০ হাজার ফুট উচ্চতায় উড়ান করতে পারবে,যা প্রচলিত বাণিজ্যিক বিমানের তুলনায় অনেক বেশি। এই উচ্চতা ও গতি অর্জনের জন্য,বিমানটিতে ব্যবহৃত হয়েছে ভেনাস ডিটোনেশন র‍্যামজেট ২ হাজার পাউন্ড থ্রাস্ট ইঞ্জিন,যা রকেট ও র‍্যামজেট প্রযুক্তির সমন্বয়ে তৈরি।বিমানটির ইঞ্জিন উন্নয়নে নাসা’র সাহায্যে একটি নতুন নোজল ডিজাইন করা হয়েছে, যা বিমানটিকে মাচ ৫ অর্থাৎ প্রায় ৩ হাজার ৮০০ মাইল প্রতি ঘণ্টা গতিতে চালাতে সক্ষম করে।এই উন্নয়নের ফলে স্টারগেজার পৃথিবীর প্রথম পুনঃব্যবহারযোগ্য হাইপারসনিক বিমান হিসেবে বিবেচিত হচ্ছে।ভেনাস অ্যারোস্পেসের পরিকল্পনা অনুযায়ী, স্টারগেজার বাণিজ্যিকভাবে ২০৩০-এর দশকের শুরুতে যাত্রী পরিবহন শুরু করতে পারে।বিমানটির পরিসীমা প্রায় ৫ হাজার মাইল, যা বিশ্বের বিভিন্ন গন্তব্যে দ্রুত যাতায়াতের সুযোগ সৃষ্টি করবে।

এছাড়া প্রতিষ্ঠানটি এই প্রযুক্তি ব্যবহার করে উচ্চগতির ড্রোন তৈরির পরিকল্পনাও করছে। অন্যদিকে,বুম টেকনোলজি তাদের ওভারচার সুপারসনিক বিমানের উন্নয়নে কাজ করছে, যা লন্ডন থেকে নিউইয়র্কের দূরত্ব সাড়ে তিন ঘণ্টায় অতিক্রম করতে পারবে। তাদের পরীক্ষামূলক বিমান,এক্সবি-ওয়ান সম্প্রতি শব্দের গতি অতিক্রম করেছে।