
একসময়ে দেব-শুভশ্রীর অফ স্ক্রিন রয়াসন নিয়ে সিনেপাড়ায় চর্চার অন্ত ছিল না।তবে সময়ের তাঁদের সম্পর্কের সমীকরণ বদলালেও দেব-শুভশ্রী জুটি নিয়ে ফ্যানদের উন্মাদনায় কিন্তু বিন্দুমাত্র ভাঁটা পড়েনি।
আজও যখন একফ্রেমে, একমঞ্চে রোমিও’র সঙ্গে ধরা দেন তাঁর নায়িকা, তখনও ফ্যানশিবিরের,পরাণ যায় জ্বলিয়া। দেব-শুভশ্রীর রিল লাইফে’র রোম্যান্স যেন রিয়েল লাইফে পরিণত হয়, এমনটাই কামনা তাঁদের। কেউ বা আবার প্রাক্তন সেলেব জুটিকে স্বামী-স্ত্রী হিসেবে দেখার ইচ্ছেও প্রকাশ করেন। এবারের লাইভেও ফ্যান ফলোয়ারদের এহেন দাবিতে ছয়লাপ হয়েছিল দেব-শুভশ্রীর কমেন্ট বক্স। ফ্যান ফলোয়ারদের এহেন উন্মদনা কি আদতেও বাস্তব জীবনের সঙ্গীদের উপর কোনও প্রভাব ফেলে? সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনই প্রশ্নের সম্মুখীন হন নায়িকার পরিচালক স্বামী রাজ চক্রবর্তী।একথা অনস্বীকার্য যে, রাজের হাত ধরেই দেব-শুভশ্রী জুটির পর্দার প্রেমের আখ্যান শুরু হয়েছিল।পরিচালক বরাবর বলেছেন, দেব-শুভশ্রী জুটি হিসেবে দারুণ হিট। তিনিও চান ভালো চিত্রনাট্য পেলে তাঁরা আবার জুটি বাঁধুক।ধূমকেতু’র পর অবশেষে সেই সুযোগ দোরগোড়ায়। চলতিবারের পুজোয় আসতে চলেছে ,দেশু ৭। এমন আবহেই দেব-শুভশ্রীকে একফ্রেমে দেখে আবারও তাঁদের অতীত রসায়ন নেটভুবনের আতসকাচে। ফ্যানদেরও অ্যাড্রিনালিন রাশ তুঙ্গে। দেশু জুটিকে নিয়ে ফ্যানদের এহেন উন্মাদনায় কী বলছেন রাজ চক্রবর্তী? এক প্রতিক্রিয়ায় পরিচালক-প্রযোজক জানিয়েছেন তাঁরও মনে হয়েছিল,শুভশ্রীর দেবের সাথে বিয়ে হলে ভালো হত, কিন্তু শুভশ্রী তাঁর কপালে ছিল। আর শুভশ্রীর কপালেও তিনি ছিলেন, কিছু করার নেই। তবে তাঁরা দু’জন খুব খুশি আছেন। রাজ চক্রবর্তীর বিশ্বাস, দেবের সঙ্গে যার বিয়ে হবে, সেও খুব খুশি থাকবে, কারণ দেব খুব ভালো ছেলে। উল্লেখ্য ২০২৫ সালে দেব-শুভশ্রীর পুনর্মিলন সিনেপাড়া, ফ্যান ফলোয়ারমহল থেকে বক্স অফিসে সুনামি এনেছিল। তারপর নদী দিয়ে জল বয়ে গিয়েছে বহুদূর,বিতর্ক, মান-অভিমান পেরিয়ে একযুগ বাদে নস্ট্যালজিয়া উসকে আবারও দেব-শুভশ্রী ম্যাজিকের সাক্ষী থাকতে চলেছে বাংলা সিনেমার পর্দা। একদিকে যখন পুজোর বক্স অফিস মহারণে জিততে এখন থেকেই সপ্তম সিনেমার প্রচারে কোমর বেঁধে নেমে পড়েছে দেশু জুটি, তখন রাজ চক্রবর্তী তাঁর আসন্ন সিনেমা,হোক কলরব-এর প্রচারে ব্যস্ত। সেখানেই দেশু ফ্যানদের আবেগে শান দিয়ে বোমা ফাটালেন পরিচালক। এদিকে,বিগত দেড় দশকে পরাণ যায় জ্বলিয়া রে থেকে রোমিও, চ্যালেঞ্জ, খোকাবাবু, খোকা ৪২০-এর মতো একাধিক সুপারহিট সিনেমা উপহার দিয়েছে দেব-শুভশ্রী জুটি। তবে,ধূমকেতু’তেই শেষবারের মতো পর্দায় রোম্যান্স করেছেন দেব-শুভশ্রী। চলতিবারের পুজোর পর্দা ফের দেশু ম্যাজিকের সাক্ষী থাকতে চলেছে।
