
বিশ্বকাপ বাছাই পর্বের প্রথম ম্যাচেই বড় ধাক্কা খায় চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি। নরওয়ের কাছে ৩-০ গোলের বিশাল ব্যবধানে পরাজয়ের পরই জাতীয় দলের কোচ লুসিয়ানো স্পালেত্তিকে বরখাস্ত করেছে ইতালি ফুটবল কনফেডারেশন ,এআইজিসি। ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে দল গোছাতে মরিয়া ইতালি। তবে বাছাইপর্বের শুরুতেই এমন হার মেনে নিতে পারেনি সমর্থক থেকে শুরু করে কনফেডারেশনের কর্তারা।
হতাশাজনক পারফরম্যান্সের দায় চেপেছে স্পালেত্তির ওপর। বরখাস্ত হওয়ার খবর নিজেই নিশ্চিত করেছেন স্পালেত্তি। তিনি জানিয়েছেন, এআইজিসি সভাপতি গ্যাব্রিয়েল গ্রাভিনার সঙ্গে এক বৈঠকে তাকে কোচের পদ থেকে অব্যাহতির সিদ্ধান্ত জানানো হয়।তাঁর পদত্যাগের কোনো ইচ্ছা ছিল না। দায়িত্বে থেকে কাজ চালিয়ে যেতে চেয়েছিলেন।উল্লেখ্য,২০২৩ সালের সেপ্টেম্বরে রবার্তো মানচিনির স্থলাভিষিক্ত হয়ে ইতালির দায়িত্ব নেন স্পালেত্তি। তার অধীনে ইতালি ইউরো ২০২৪-এও আশানুরূপ পারফর্ম করতে পারেনি। এর আগে ২০১৮ ও ২০২২ সালের দুটি বিশ্বকাপেও অংশ নিতে ব্যর্থ হয় তারা।
নরওয়ের বিপক্ষে হারের ফলে আবারও বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে। কনফেডারেশন মনে করছে, এখনই পরিবর্তনের সময়, তাই নেওয়া হয়েছে এই কঠিন সিদ্ধান্ত।তবে বরখাস্তের পরও মলদোভার বিপক্ষে ইতালির পরবর্তী বাছাই ম্যাচে ডাগআউটে থাকবেন স্পালেত্তি। শেষবারের মতো দলকে উজ্জীবিত করতে চান কোচ লুসিয়ানো স্পালেত্তি।







