
নারী সংরক্ষণ বিল নিয়ে কেন্দ্রের পদক্ষেপের তীব্র সমালোচনা করেছেন কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধী। তিনি স্পষ্ট জানিয়েছেন, মূল সমস্যা মহিলাদের কোটা নয়।
বরং ডিলিমিটেশন বা আসন পুনর্বিন্যাস প্রক্রিয়া। তাঁর মতে, সরকার ইচ্ছাকৃতভাবে এই দুই বিষয়কে একসঙ্গে জুড়ে বিল কার্যকর হওয়ার প্রক্রিয়াকে জটিল করছে। আশঙ্কা প্রকাশ করেছেন, এই পদক্ষেপে ভারতীয় সংবিধানের উপর আঘাত নেমে আসতে পারে। নারী সংরক্ষণ বিল, যা নারী শক্তি বন্দন অধিনিয়ম নামেও পরিচিত, তা নিয়েই শোরগোল জাতীয় রাজনীতিতে। আগামী সপ্তাহের ১৬, ১৭ ও ১৮ এপ্রিল সংসদে বিশেষ অধিবেশন ডাকা হয়েছে। ২০২৩ সালে পাশ হওয়া নারী শক্তি বন্দন অধিনিয়ম বিলে উল্লেখ ছিল, পরবর্তী আদমসুমারির পরে আসন পুনর্বিন্যাস করা হবে। তারপর ওই আসনের ৩৩ শতাংশ আসন সংরক্ষিত রাখা হবে মহিলাদের জন্য। কিন্তু এখন এই বিলে সংশোধনী আনতে চাইছে কেন্দ্র।
এখন কেন্দ্র চাইছে, ২০১১ সালের জনগণনার ভিত্তিতে আসন পুনর্বিন্যাস করা হবে। কিন্তু তাতে বিপুল হেরফের ঘটবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন কংগ্রেস নেত্রী।
