
ছাবা’র আগে রাশ্মিকা মানদানাকে পর পর দুটি ব্লকবাস্টার হিট ছবিতে দেখা গেছে। একটি সুকুমারের পুষ্পা টু দ্য রুল-এ। ২০২১-এর ছবি পুষ্পা : দ্য রাইজ-এর দ্বিতীয় কিস্তি। প্রায় ৫০০ কোটি টাকার বিশাল বাজেটে নির্মিত হয়েছে এটি। আর ৫ ডিসেম্বর মুক্তির পর বক্স অফিসে চালিয়েছে তাণ্ডব। একের পর এক ভেঙেছে রেকর্ড। বিশ্বব্যাপী আয় করেছে এক হাজার ৮০০ কোটি টাকার বেশি।
প্রায় পৌনে চার ঘণ্টার ছবি হয়েও দর্শককে দিয়েছে ভরপুর বিনোদন।এই ছবিতে রাশ্মিকার অভিনয় বিশেষভাবে প্রশংসিত হয়েছে।অভিনেত্রী রাশ্মিকা নিজেও চরিত্রটির জন্য জাতীয় পুরস্কারের স্বপ্ন দেখছেন।উল্লেখ্য,কর্ণাটকের বিরাজপেট শহরের মানদানা পরিবারে রাশ্মিকার জন্ম। বাবা মদন মানদানা ব্যবসায়ী। স্থানীয় শহরে রয়েছে কফির বাগান ও মিলনায়তন ব্যবসা।পরিবার সচ্ছল হলেও শৈশবে টের পেয়েছেন টানাপড়েনের আঁচ।এমনও দিন গেছে, পছন্দের খেলনাও কিনে দিতে পারেননি মা-বাবা।বাড়িভাড়া দিতেও হিমশিম খেতেন তাঁর বাবা।তবে কন্যার পড়াশোনায় ছাড় দেননি। রাশ্মিকাকে পড়িয়েছেন শহরের ভালো প্রতিষ্ঠানে।কন্যাও বড় হয়ে ডিগ্রি নিয়েছেন সাইকোলজি, সাংবাদিকতা ও ইংরেজি সাহিত্যের ওপর।শৈশবে রাশ্মিকার আরো একটি সীমাবদ্ধতা ছিল,মানুষের সঙ্গে স্বাচ্ছন্দ্যে কথা বলতে পারতেন না। এ কারণে সহপাঠী কিংবা অন্যরা প্রায়ই তাঁকে ভুল বুঝত। সেই জড়তা ও সীমাবদ্ধতা দূর করতে মায়ের ভূমিকা বারবার স্বীকার করেছেন অভিনেত্রী রাশ্মিকা মানদানা।অতীত-বন্দনায় একটু বিরাম দিয়ে বর্তমানে আসা যাক। ভারত ও বিভিন্ন দেশের প্রেক্ষাগৃহে এখন চলছে লক্ষ্মণ উটেকরের ছাবা। মারাঠা সম্রাট সাম্ভাজি মহারাজের জীবন অবলম্বনে নির্মিত এই ছবির নাম ভূমিকায় আছেন ভিকি কৌশল। আর তাঁর স্ত্রীর চরিত্রে রাশ্মিকা।
ছবিটির নির্মাণ ও প্রচারে ব্যয় হয়েছে ১৩৪ কোটি টাকা।মুক্তি পেয়েছে ভালোবাসা দিবস অর্থাৎ ১৪ ফেব্রুয়ারি। এর মধ্যেই বক্স অফিস থেকে তুলে নিয়েছে প্রায় ৫১০ কোটি টাকা, এখনো কমছে না ছবির তেজ। সামনে রয়েছে সাপ্তাহিক ছুটি। বক্স অফিস বিশ্লেষকদের ধারণা, এই উইকেন্ডে ছবিটি ৬০০ কোটি টাকার রেকর্ড অতিক্রম করে ফেলতে পারে।








