বিটিএসের জে-হোপ আর রহমান একসঙ্গে? 

0
192
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

প্যারিস ফ্যাশন উইক ফ্যাশন–দুনিয়ার অন্যতম বড় আয়োজন। সারা দুনিয়ার ফ্যাশন নিয়ে আগ্রহীদের চোখ থাকে এই আয়োজনের দিকে।

এবারের প্যারিস ফ্যাশন উইকে লুই ভুঁতোর শোতে এক নতুন চমক নিয়ে হাজির অস্কারজয়ী ভারতীয় সুরকার এ আর রহমান। তিনি সেখানে প্রিমিয়ার করেন তাঁর নতুন পাঞ্জাবি গান, ইয়ারা’র। মার্কিন সংগীত প্রযোজক ফারেল উইলিয়ামস ও রহমান যৌথভাবে গানটি তৈরি করেছেন।গানটি পাঞ্জাবি ভাষার হলেও এতে আছে বিশ্বসংগীতের ছোঁয়া। ভারতীয় ধ্রুপদি সুর, বাজনার সঙ্গে ফারেলের সিগনেচার ওয়েস্টার্ন গ্রুপ মিলেমিশে তৈরি করেছে এক ইউনিক ফিউশন। রহমান গানটি নিয়ে বলেছেন, এটি তাঁর সাংস্কৃতিক সেতুবন্ধের নতুন প্রয়াস। কিন্তু এ গানকে ঘিরে যত না আলোচনা, তা ছাপিয়ে গেছেন বিটিএস তারকা জে-হোপ। জানা যাচ্ছে,জে-হোপ গানটি শোনার সময় সামনের সারিতে বসে মাথা দুলিয়ে দুলিয়ে উপভোগ করেন। আর গানের তালে তালে মাথা দোলানোর ভিডিও মুহূর্তেই ছড়িয়ে পরে নেট–দুনিয়ায়।রহমান নিজেই তাঁর ইনস্টাগ্রামে শেয়ার করেছেন সেই ভিডিও। তবে ভিডিওটি প্রকাশিত হওয়ার পর ফ্যানদের মধ্যে জোর গুঞ্জন শুরু হয়। ফ্যানরা জানতে চান, কবে একসঙ্গে দেখা মিলবে এই দুই তারকার? গত বছর বিশ্বসংগীতে বেশ কয়েকজন শিল্পীর যৌথভাবে করা কাজ বা, ক্রসওভার সাড়া ফেলেছিল। যেগুলো শুধু সংগীতজগতেই সীমাবদ্ধ ছিল না। তা নাড়িয়ে দিয়েছে বিশ্বজুড়ে সংস্কৃতিকে। সংগীত, খেলা, সিনেমা সবকিছুর মধ্যে ফ্যানরা লক্ষ করেছেন এক সেতুবন্ধ। ব্রিটিশ সংগীতশিল্পী ক্রিস মার্টিনের ভারতীয় ক্রিকেটার জসপ্রীত বুমরাহকে প্রশংসা, মুম্বাইয়ে এড শিরান ও শাহরুখ খান একসঙ্গে তাল মেলানো, অরিজিৎ সিং ও ডিজে মার্টিন গ্যারিক্স একই স্টেজে একসঙ্গে পারফর্ম করেন,এসব যেন ফ্যানদের কাছে ছিল স্বপ্নের মতো। যা হওয়ার আগে কল্পনাও করা যায়নি। এ মুহূর্তগুলো দেখিয়েছে, সংগীত এখন আর কোনো একটি দেশ বা ভাষার বিষয় নয়—এটা এখন একটি বিশ্বজুড়ে অভিব্যক্তি। আর এই তালিকায় এবার নতুন করে যুক্ত হলো হলো রহমানের গানের সঙ্গে বিটিএসের জে-হোপের নাচ।জে-জেড, বিয়ন্সে, ফিউচার, স্পাইক লির মতো অনেক তারকাই উপস্থিত ছিলেন প্যারিস ফ্যাশন উইকের এই আয়াজনে। তবে মিলিটারি সার্ভিস শেষ করে সদ্য ফেরা জে-হোপের দিকের ফ্যানদের চোখ ছিল সবার। তাই রহমান যখন ইনস্টাগ্রামে ভিডিওটি শেয়ার করেন, তখন থেকেই আর্মিরা মন্তব্য করতে থাকেন, জে–হোপ আর রহমান কবে আসবেন? অনেকে এমন মন্তব্যও করেন, জে-হোপ যদি উর্বশী বা মুক্কাবেলা গানের তালে নাচেন, তাহলে দুনিয়া থেমে যাবে। আরেক ফ্যান লিখেছেন, যদি বিটিএস অন্য কারও সঙ্গে কাজ করে, যেটা যেন রহমানই হন। তিনি জিনিয়াস।তবে রহমান কেবল ভিডিও পোস্ট করেই ডুব মেরেছেন। জে-হোপের সঙ্গে কাজ নিয়ে টুঁ শব্দটিও করেননি।

অন্যদিকে বিটিএস তারকারও আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে তাতে কী আসে যায়, ফ্যান ফলোয়াররা দুই তারকাকে একসঙ্গে দেখতে চান,এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো আবেদন করছেন তাঁরা।