
বয়স তাঁর কাছে সংখ্যামাত্র,ষাট পেরলেও সানি দেওলের ঢায় কিলো কা হাতে’র ম্যাজিক যে এখনও অক্ষত, তা কখনও পর্দায় টিউবঅয়েল, কখনও ল্যাম্পপোস্ট তুলে হুঙ্কার দিয়ে বুঝিয়ে দিয়েছেন।
তেইশের বক্স অফিসে গদর টু ছবির তুমুল সাফল্য সানির ফিল্মি কেরিয়ারকে নতুন করে ট্র্যাকে নিয়ে এসেছে। ৬৯০ কোটি টাকার ব্যবসা করা ছবি উপহার দিয়ে রাজনীতির ময়দান থেকে বাণপ্রস্থে গিয়ে বর্তমানে অভিনয়েই মনোনিবেশ করেছেন সানি দেওল। এবার জাট সিনেমার ট্রেলারে রবিনহুড অবতারে ধরা দিয়েছেন সানি দেওল।সিনেমার হাইভোল্টেজ ট্রেলার কৌতূহলের পারদ চড়াল। দুঁদে দেওলের সঙ্গে সম্মুখ সমরে রণদীপ হুডা। জাট সিনেমায় নিষ্ঠুর খলনায়ক রণতুঙ্গার চরিত্রে দেখা যাবে রণদীপকে।যার নির্মম অত্যাচারে গ্রামবাসীদের প্রাণ ওষ্ঠাগত।বলা ভালো, গ্রামকে শ্মশান পরিণত করেছে সে। ঠিক এমনই এক পরিস্থিতিতে রবিনহুডের মতো উপস্থিত জাট সানি দেওল। যেমন মারকাটারি অ্যাকশন, সংলাপ তেমনই শিরদাড়া দিয়ে হিমস্রোত বইয়ে দেওয়া খলচরিত্রদের কীর্তিকলাপ। জাট ট্রেলারেই স্পষ্ট, বলিউডের গদর টু-এর থেকেও দক্ষিণী পরিচালকের হাত ধরে দুরন্ত অ্যাকশন ছবি উপহার দিতে চলেছেন সানি দেওল।এদিকে এযাবৎকাল একাধিক বলিউড তারকা দক্ষিণমুখো হয়েছেন কিংবা দক্ষিণী পরিচালকের হাত ধরে ব্লকবাস্টার প্রত্যাবর্তন ঘটিয়েছেন। অতীতে ধর্মেন্দ্র আক্ষেপ করে বলেছিলেন, বলিউড দেওলদের প্রাপ্য সম্মানটুকু দেয়নি। আর ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে সানি দেওল বলিউডকে মনে করিয়ে দিয়েছেন,দেখে ভালো লাগছে যে, শেষমেশ ফিল্ম ইন্ডাস্ট্রি কাজের কদর করছে। এটাই যোগ্য সময়।অনেক বছর অপেক্ষা করা হয়েছে।
তাঁদের পরিবারের আসলে স্বীকৃতি পেতে বরাবরই দেরি হয়।ওই কথায় বলে না, কর্ম করে যাও,ফলের আশা না করে। লড়ে যাও, থেমো না।ট্রেলার দেখে অনেকেই বলছেন দক্ষিণী দর্শকদের মন মাতাতে কি তাহলে বলিউডকে হুঙ্কার ছুড়লেন সানি দেওল?









