
যাদবপুর স্টেশনে দীর্ঘ কয়েক ঘণ্টার চাপানউতরের পরে বাম নেতৃত্ব দাবি করেছেন মঙ্গলবার রাতে সেখানে হকার উচ্ছেদ অভিযান হবে না। হকার উচ্ছেদের আশঙ্কায় মঙ্গলবার রাতে যাদবপুর স্টেশনে প্রতিবাদে শামিল হয়েছিলেন বাম নেতা ও কর্মীরা।
তাঁদের অভিযোগ, স্টেশনের বাইরে দাঁড়িয়ে ছিল বুলডোজ়ার। যে কোনও সময়ে ভেঙে ফেলা হতে পারে দোকান। তা রুখতে রাত জাগবেন বলে জানিয়েছিলেন সৃজন ভট্টাচার্যেরা। বেশি রাতে সৃজনের দাবি, হকার উচ্ছেদ এখনই হচ্ছে না যাদবপুরে। তিনি বলেছেন, কিছু অনুরোধ আছে সেইগুলি ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করতে হবে। তিন সপ্তাহ সময় পেয়েছেন। যেই আইনি কাগজ নিয়ে লড়াই হয়েছে, সেই বিষয় আমাদের ওই সময়সীমার মধ্যে আধিকারিকদের জানাতে হবে। তাঁদের সঙ্গে সহযোগিতা করতে হবে। বাম নেতা-কর্মীদের আশঙ্কা ছিল, রাতেই যাদবপুর স্টেশনে উচ্ছেদ অভিযান হতে পারে। এর আগে হাওড়া, শিয়ালদহ স্টেশন চত্বরে বেআইনি হকার উচ্ছেদ শুরু করেছে রেল। কখনও আবার বেআইনি নির্মাণ ভাঙতে বুলডোজ়ারও নামানো হয়।
সূত্রের খবর, শিয়ালদহ, হাওড়া স্টেশন চত্বরে প্রায় ৫০০টি অস্থায়ী ঝুপড়ি এবং ছোট দোকান উচ্ছেদ করা হয়েছে।
