
রাষ্ট্রবিরোধী প্রচারমূলক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে কান চলচ্চিত্র উৎসবে স্বর্ণপাম জয়ী ইরানি নির্মাতা জাফর পানাহিকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত।
সেইসঙ্গে তাকে দু’ বছরের ভ্রমণ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তার আইনজীবী মোস্তফা নিলি জানিয়েছেন, কারাদণ্ডের সঙ্গে দু’ বছরের ভ্রমণ নিষেধাজ্ঞা এবং যেকোনো রাজনৈতিক বা সামাজিক সংগঠনের সদস্যপদে যোগদানের নিষেধাজ্ঞাও রয়েছে। তিনি আরো জানিয়েছেন, এই রায়ের বিরুদ্ধে আপিল করা হবে। এদিকে,জাফর পানাহির ইরানি কর্তৃপক্ষের সঙ্গে বিরোধ নতুন নয়। ২০১০ সালে সরকারবিরোধী প্রতিবাদে সমর্থন ও সমালোচনামূলক সিনেমা তৈরির কারণে তাকে নির্মাণ এবং দেশের বাইরে যাওয়া থেকে বিরত রাখা হয়। পরে তাকে অভিযোগে ছ’ বছরের জেল দেওয়া হয়, তবে তিনি মাত্র দু’ মাস কারাভোগের পর জামিনে মুক্তি পান।অন্যদিকে নিষেধাজ্ঞা সত্ত্বেও পানাহি, দিজ ইজ নট আ ফিল্ম, ট্যাক্সি’র মতো আলোচিত সিনেমা নির্মাণ করেছেন।
এরপর ২০২২ সালে তিনি আবার গ্রেপ্তার হন, তবে সাত মাস পরে মুক্তি পান। এই মুহূর্তে পানাহি তার নতুন সিনেমা, ইট ওয়াজ জাস্ট অ্যান্ড অ্যাক্সিডেন্ট-এর প্রচারের জন্য আমেরিকায় রয়েছেন। নিউইয়র্কে অনুষ্ঠিত গথাম অ্যাওয়ার্ডসে তিন পুরস্কার জিতেছে সিনেমাটি। এ ছাড়া তিনি মরক্কোতে মারাকেশ ফিল্ম ফেস্টিভ্যালে উপস্থিত হবেন এবং সেখানেও আলোচনায় অংশ নেবেন।
