
নবান্ন অভিযানে পুলিশের এক কনস্টেবলকে মারধরের ঘটনায় উত্তর ২৪ পরগনার জগদ্দলের বাসিন্দা এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার বছর ৪০ এর যুবক চন্দন গুপ্তকে কলকাতার নিউ মার্কেট এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।
ওই মামলার সঙ্গে ধৃতের সরাসরি যোগ রয়েছে বলে দাবি পুলিশের। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার দিনের বিভিন্ন ফুটেজ খতিয়ে দেখে চন্দনকে শনাক্ত করা হয়েছে। ধৃতের বিরুদ্ধে খুনের চেষ্টা, সরকারি কর্মীকে কাজে বাধা দেওয়া এবং ইচ্ছাকৃত ভাবে আঘাত করার মতো একাধিক অভিযোগ রয়েছে। অন্য দিকে, নবান্ন অভিযানের দিন অশান্তির ঘটনায় এখনও পর্যন্ত ছ’টি মামলা রুজু করা হয়েছে। ভিডিয়ো দেখে এখনও পর্যন্ত কয়েক জনকে চিহ্নিত করা হয়েছে।
লালবাজার সূত্রে খবর, ছ’টি মামলার মধ্যে তিনটি মামলায় ছ’জনকে ইতিমধ্যেই নোটিস পাঠানো হয়েছে। নিউ মার্কেট থানার অভিযোগের ভিত্তিতে সজল ঘোষ, তমোঘ্ন ঘোষ, অশোক দিন্দা এবং হেয়ার স্ট্রিট থানার অভিযোগের ভিত্তিতে ভোলা সরকার, কুশল পান্ডে, কমলজিৎ সিংহকে নোটিস পাঠিয়েছে কলকাতা পুলিশ।
