
পাকিস্তানের সীমান্ত সন্ত্রাসের শিকার হয়েছে ভারত-আফগানিস্তান দুই দেশই। তাই সন্ত্রাসদমনে নয়াদিল্লি-কাবুলের একজোট হয়ে কাজ করা উচিত।
তালিবান বিদেশমন্ত্রীর সঙ্গে ঐতিহাসিক বৈঠকে এমনটাই জানিয়েছেন এস জয়শংকর। বিদেশমন্ত্রী আরও জানিয়েছেন, দ্রুতই কাবুলে ফের দূতাবাস খুলবে ভারত। উল্লেখ্য, তালিবান বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকির ভারত সফর চলাকালীনই কাবুলে হামলা করেছে পাকিস্তান, এমনটাই সূত্রের খবর।এদিকে তালিবান বিদেশমন্ত্রী মুত্তাকির উপর রাষ্ট্রসংঘের নিষেধাজ্ঞা রয়েছে। তবে সাময়িক ছাড় নিয়ে তিনি ভারত সফরে এসেছেন। শুক্রবার মুত্তাকি ও তাঁর প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেন জয়শংকর।
সেখানেই নাম না করে পাকিস্তানকে বিঁধে তিনি বলেন, উন্নতি এবং বিকাশের লক্ষ্যে দুই দেশই এগোতে চায়। কিন্তু ভারত এবং আফগানিস্তান দুই দেশকেই সীমান্ত সন্ত্রাসের মোকাবিলা করতে হয়। তাই সমস্তরকমের সন্ত্রাসকে উৎখাত করতে একসঙ্গে কাজ করা উচিত দুই দেশের। ভারতের নিরাপত্তা সংক্রান্ত ইস্যুতে আফগানিস্তান যেভাবে পাশে থাকে, তা অত্যন্ত প্রশংসনীয়।







