
গত দু’বছরের মতোই এবারেও রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভার বার্ষিক বিতর্কে নিজে যোগ দেবেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর প্রতিনিধি হিসাবে বক্তৃতা করবেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। কেন এই পদক্ষেপ, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে।
তবে রাষ্ট্রপুঞ্জের সাধারণ সম্মেলনে সরাসরি যোগ না দিলেও ওই সময়ে নিউ ইয়র্কে হাজির থাকবেন প্রধানমন্ত্রী। ২২শে সেপ্টেম্বর লং আইল্যান্ডে ১৬ হাজার দর্শকাসন সম্পন্ন একটি প্রেক্ষাগৃহে বিশাল এক কমিউনিটি ইভেন্ট-এ তিনি বক্তৃতা দেবেন। সেখানে থাকবেন ভারতীয় বংশোদ্ভূতরা। পাশাপাশি রাষ্ট্রপুঞ্জ আয়োজিত সামিট অব দ্য ফিউচার-এও বক্তৃতা দেওয়ার কথা রয়েছে তাঁর।জুলাই মাসে যখন রাষ্ট্রপুঞ্জের পক্ষ থেকে একটি সম্ভাব্য বক্তার তালিকা প্রকাশ করা হয়, সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম ছিল। ২৬ সেপ্টেম্বর তাঁর বক্তৃতার সময় ধার্যও ছিল। কিন্তু তিনি পিছু হটেছেন। পরিবর্ত হিসেবে এস জয়শঙ্করের বক্তৃতা দেওয়ার কথা ২৮ তারিখ। প্রধানমন্ত্রী এই মঞ্চে শেষ বার বক্তৃতা দিয়েছিলেন ২০২১-এ।অন্যদিকে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের তরফে রাষ্ট্রপুঞ্জের সাধারণ সম্মেলনের মধ্যে পার্শ্ববৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বসতে চাওয়ার অনুরোধ নিয়েও ভাবনাচিন্তা চলছে দিল্লির তরফে।
