
রাশিয়ার কাছ থেকে খনিজ তেল কেনায় ভারতের উপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করে আমেরিকা যে যুক্তি দিয়েছে, তাতে হতবাক নয়াদিল্লি। মস্কো থেকে সে কথাই জানিয়েছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। রুশ বিদেশমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে একটি বৈঠক করেছেন তিনি।
তার পর সাংবাদিকদের মুখোমুখি হন। সেখানে আমেরিকার শুল্ক সংক্রান্ত হুমকি নিয়ে জয়শঙ্করকে প্রশ্ন করা হয়েছিল। তিনি জানিয়েছেন, মার্কিন যুক্তিতে তিনি অবাক। তার তিনটি কারণও দেখিয়ে বলেছেন, ভারত রাশিয়ার তেলের সবচেয়ে বড় ক্রেতা নয়, সবচেয়ে বড় ক্রেতা চিন। ভারত রাশিয়ার কাছ থেকে সবচেয়ে বেশি এলএনজি আমদানি করে না।
তিনি যত দূর জানেন, সেটা করে ইউরোপীয় ইউনিয়ন। ২০২২ সালের পর থেকে রাশিয়ার সঙ্গে সবচেয়ে বেশি বাণিজ্যিক অগ্রগতি ভারতের হয়নি, হয়েছে দক্ষিণের কিছু দেশের। জয়শঙ্কর আরও বলেছেন, গত কয়েক বছর ধরে আমেরিকানেরা বলে চলেছেন, বিশ্বের জ্বালানি বাজার স্থিতিশীল করতে যা করার করতে হবে।





