
এসসিও সামিটে গিয়ে পাকিস্তানের রাস্তায় ভারতীয় কূটনীতিকদের সঙ্গে প্রাতঃভ্রমণ করেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। মঙ্গলবারই ইসলামাবাদে পৌঁছেছিলেন বিদেশমন্ত্রী।
ইসলামাবাদে দাঁড়িয়ে পাকিস্তানকেই কী বার্তা দেন তিনি তা নিয়ে উদগ্রীব ছিল ওয়াকিবহাল মহল। তবে এসসিও সম্মেলনর মাঝে সকালে হালকা মেজাজে ধরা দিয়েছেন এস জয়শঙ্কর। ইসলামাবাদের ভারতীয় দূতাবাস চত্বরে অন্যান্য কূটনীতিকদের সঙ্গে প্রাতঃভ্রমণে যান বিদেশমন্ত্রী। তারপর সেখানকার বাগানের একটি জায়গায় অর্জুন গাছের চারাও লাগিয়েছেন তিনি। নিজেই প্রাতঃভ্রমণ ও বৃক্ষরোপনের ছবি এক্স হ্যান্ডেলে শেয়ার করেন এস জয়শঙ্কর। তিনি লিখেছেন, ভারতীয় হাই কমিশন চত্বরে তাঁরা প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন। একটি অর্জুন গাছের চারাও লাগানো হয়েছে। একটি গাছ মায়ের নামে- এটাই তাদের উদ্দেশ্য। প্রসঙ্গত, ৯ বছর পর পাকিস্তানের মাটিতে পা রেখেছেন ভারতের কোনও বিদেশমন্ত্রী। এর আগে সুষমা স্বরাজ বিদেশমন্ত্রী থাকাকালীন ২০১৫ সালে পাকিস্তানে গিয়েছিলেন।
তারপর থেকে দুদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক বলতে সেভাবে কিছুই নেই। তবে মঙ্গলবার রাতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের আয়োজিত নৈশভোজে যোগ দিয়েছিলেন এস জয়শঙ্কর।
