
ব্রিটিশ সিক্রেট সার্ভিসের জেমস বন্ড চরিত্রে কে আসছেন, তা জানার অপেক্ষার প্রহর অবশেষে শেষ হতে চলেছে। ফ্রাঞ্চাইজির ২৬তম সিনেমার জন্য বন্ড নির্ধারণ করতে অডিশন শুরু করেছে প্রযোজনা সংস্থা।
অ্যামাজন এমজিএম স্টুডিও এক বিবৃতিতে বলেছে, এই ব্লকবাস্টার সিনেমার পরবর্তী কিস্তি শুরু করতে নির্মাতা নির্ধারণের পর আরও এক ধাপ আগানো সম্ভব হয়েছে। তবে কেবল জেমস বন্ড নয় সহশিল্পী খোঁজার কাজও শুরু করে দিয়েছে অ্যামাজন এমজিএম স্টুডিও।বিবৃতিতে বলা হয়েছে, পরবর্তী জেমস বন্ডের সন্ধান চলছে। এবং শিল্পী বাছাই প্রক্রিয়া সবেমাত্র শুরু হয়েছে। অডিশন চলাকালীন সিনেমা সংক্রান্ত আর তেমন কোনো তথ্য সামনে আনা হবে না জানিয়ে প্রযোজনা সংস্থা আরও বলেছে, সঠিক সময় এলেই আমরা জিরোজিরোসেভেনের খবর ফ্যানদের সঙ্গে শেয়ার করে নেব।এখন পুরনো বন্ডদের উত্তরসূরী কে হতে চলেছেন তা নিয়ে ফ্যানদের জল্পনার শেষ নেই। খবর,বন্ড হওয়ার দৌড়ে এগিয়ে আছেন ব্রিটিশ অভিনেতা ক্যালাম টার্নার, অ্যারন টেলর-জনসন ও হ্যারিস ডিকিনসন এবং অস্ট্রেলিয়ান তারকা জ্যাকব এলর্ডি। উল্লেখ্য ১৯৬২ সালে শন কনেরি অভিনীত জেমস বন্ডয়ের প্রথম ছবি,ড. নো দিয়ে ব্রিটিশ গুপ্তচরকে প্রথম পর্দায় আনা হয়। এরপর জর্জ লেজেনবি, রজার মুর, টিমোথি ডাল্টন, পিয়ার্স ব্রসনান বন্ড হয়েছেন। ব্রসনানের পর ২০০৬ সালে ক্যাসিনো রয়্যাল দিতে শুরু করে গত ১৫ বছরে অত্যন্ত ব্যবসাসফল পাঁচটি জেমস বন্ড সিনেমায় অভিনয় করার পর ব্রিটিশ স্পাই চরিত্রটিকে ২০২১ সালে বিদায় জানান ড্যানিয়েল ক্রেইগ। ২০২১ সালের শেষের দিকে ,নো টাইম টু ডাই মুক্তির মধ্য দিয়ে তার বন্ড অধ্যায় শেষ হয়। এদিকে ক্রেইগের বিদায়ের পর সে সময় বন্ড ফ্যাঞ্চাইজির পক্ষ থেকে বলা হয়েছিল, দুটি শর্তে কোনো নড়চড় নেই। সেগুলো হল বন্ডের বয়স এবং উচ্চতা। নতুন বন্ডকে ৩০ থেকে ৩২ বছর বয়সী হতে হবে, যাতে দীর্ঘসময় তাদের সঙ্গে সেই অভিনেতা থাকতে পারেন। এছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল উচ্চতা। নতুন বন্ডের উচ্চতা কম হলেও হতে হবে ৫ ফুট ১০ ইঞ্চি।
এছাড়া নির্মাতারা চাইছিলেন, বন্ড হয়ে যে অভিনেতাই আসুন না কেন, তাকে আগামী অন্তত এক থেকে দেড় দশক বন্ড হয়ে থাকতে হবে। অভিনেতার অভিনয় গুণ এবং যাবতীয় শর্ত পূরণ হলে তবেই নতুন বন্ডের নাম ঘোষণা করা হবে।








