পদত্যাগ করছেন জাপানের প্রধানমন্ত্রী

0
177
ছবি সৌজন্যে : এক্স
দলের ভাঙন রুখতে নাকি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা। সে দেশের প্রধানমন্ত্রীর কার্যালয়ের তরফে এ ব্যাপারে কোনও মন্তব্য করা না হলেও, এমনটাই দাবি জাপানের একাংশ সংবাদমাধ্যমের। সাম্প্রতিক সময়ে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে জাপানের আম-নাগরিকদের ক্ষোভের মুখে পড়েছিল জাপান সরকার।
ক্রমে সেই ক্ষোভ বাড়তে থাকে। এমন পরিস্থিতিতে সেই একই বিষয়কে সামনে রেখে ভাঙন দেখা দিতে শুরু করে ইশিবার লিবারাল ডেমোক্র্যাটিক পার্টি’র অন্দরেও। গত জুলাইয়ে অনুষ্ঠিত উচ্চকক্ষ নির্বাচনে প্রধানমন্ত্রী ইশিবার নেতৃত্বাধীন এলডিপি জোট সংখ্যাগরিষ্ঠতা হারায়। এরপর থেকেই তাঁর পদত্যাগ নিয়ে নানা জল্পনা চলছিল। যদিও কয়েক সপ্তাহ আগেই প্রধানমন্ত্রী ইশিবা এসব জল্পনা অস্বীকার করে বলেছিলেন, তিনি নির্বাচনে পরাজয়ের দায়িত্ব কিভাবে নেবেন, সে বিষয়ে উপযুক্ত সময়ে সিদ্ধান্ত নেবেন।
গত মঙ্গলবার তিনি বলেছিলেন, আমেরিকার সঙ্গে সম্পাদিত শুল্ক চুক্তি সঠিকভাবে কার্যকর হচ্ছে কি না, তা নিশ্চিত করাই তাঁর অগ্রাধিকার। সে কারণেই তিনি তৎক্ষণাৎ পদত্যাগের বিপক্ষে অবস্থান নিয়েছিলেন। তবে দলের অভ্যন্তরে চাপ ক্রমেই বেড়ে যাওয়ায় শেষমেশ পদত্যাগের পথই বেছে নিচ্ছেন বলে জানা গিয়েছে।