
আগামী সেপ্টেম্বরে সরকারপ্রধানের পদ থেকে সরে দাঁড়াবেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির নেতা হিসেবে তিনি পুনর্নির্বাচিত হওয়ার চেষ্টা করবেন না বলেও জানিয়েছেন।
টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত এক সংবাদ সম্মেলনে কিশিদা এসব কথা জানিয়েছেন। সেপ্টেম্বর মাসে লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট হিসেবে কিশিদার মেয়াদ শেষ হবে।এরপর নতুন মেয়াদে দলের দায়িত্ব নিতে আর নির্বাচনে অংশ নেবেন না তিনি। ঘোষণা অনুযায়ী পদত্যাগ করলে প্রধানমন্ত্রী হিসেবে কিশিদার তিন বছরের মেয়াদকালের অবসান ঘটবে। উল্লেখ্য,২০২১ সালের অক্টোবরে জাপানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন কিশিদা।কিন্তু দুর্নীতির কেলেঙ্কারিতে এলডিপি পার্টির জড়িয়ে পড়া, বাড়তে থাকা জীবনযাত্রার ব্যয় ও ইয়েনের মান পড়ে যাওয়ার মতো কয়েকটি কারণে কিশিদার প্রতি জনসমর্থন তলানিতে নেমে গেছে। গত মাসে তার পক্ষে জনসমর্থন নেমে মাত্র ১৫.৫ শতাংশে দাঁড়ায়। এক দশকেরও বেশি সময়ের মধ্যে জাপানের কোনো প্রধানমন্ত্রীর পক্ষে সর্বনিম্ন জনসমর্থন এটি। অন্যদিকে গত মাসে অপ্রত্যাশিতভাবে সুদহার বাড়িয়েছে জাপানি কেন্দ্রীয় ব্যাংক।








