ইরানে হামলা না করার পরামর্শ জেডি ভান্সের

0
117
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এখনই ইরানে হামলা না করার পরামর্শ দিয়েছেন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।গত দু সপ্তাহ ধরে ইরানে সরকারবিরোধী বিক্ষোভ চলছে।

ওই বিক্ষোভে প্রকাশ্যেই সমর্থন জানিয়েছেন ট্রাম্প এবং তার প্রশাসন। বিক্ষোভ দমন করতে যে পদক্ষেপ নিচ্ছে তেহরান, তাতেও অসন্তুষ্ট আমেরিকা। এরই মধ্যে ইরানের উদ্ভূত পরিস্থিতিতে কীভাবে হস্তক্ষেপ করা যায়, কী কী কঠোর পদক্ষেপ নেওয়া যায়, মার্কিন বাহিনীর সামনে কী বিকল্প রয়েছে, তা নিয়ে আলোচনা হয়েছে আমেরিকায়। সামরিক পদক্ষেপের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হচ্ছিল না। কিন্তু এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা করেছেন, ইরানের সঙ্গে যারা বাণিজ্য করবে তাদের উপরে শুল্ক চাপাবে আমেরিকা।মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, মার্কিন প্রশাসনের কয়েকজন শীর্ষ কর্মকর্তা ট্রাম্পকে পরামর্শ দেন যাতে এখনই ইরানে হামলা না করা হয়। হামলার আগে কূটনৈতিক স্তরে কী কী সম্ভাবনা রয়েছে, তা পরখ করার প্রস্তাব দেন তারা। একই প্রস্তাব দেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সও। তারপরেই কূটনৈতিকভাবে কীভাবে ইরানকে চাপে ফেলা যায়, সেই দিকগুলো বিবেচনা করে দেখা শুরু হয় হোয়াইট হাউসে। যদিও জেডি ভান্সের মুখপাত্র উইলিয়াম মার্টিন জানিয়েছেন, এটি সম্পূর্ণ সত্য নয়। তার কথায়, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও মিলে প্রেসিডেন্টের কাছে কিছু সম্ভাবনাময় পথ তুলে ধরেন।

সেখানে কূটনৈতিক পদক্ষেপ থেকে শুরু করে সামরিক পদক্ষেপ, সবই ছিল। মুখপাত্র উইলিয়াম মার্টিনের দাবি, ভ্যান্স এবং রুবিও কোনও পক্ষপাতিত্ব না করে বিকল্প সম্ভাবনাগুলো তুলে ধরেছেন।