
বুধবার শ্যামবাজারে ব্যস্ততা অন্যদিনের থেকে একটু বেশি। সকাল থেকে সেখানে পুলিশের আনাগোনা, লাঠি, বন্দুক পুলিশের গাড়িতে ছয়লাপ। বেলা বাড়তেই বেড়েছে প্রহরা।
সাধারণ মানুষের আনাগোনায় কড়া বিধিনিষেধ। বেলা বাড়তেই বোঝা গিয়েছে আসল চিত্রটা। এলাকায় পুলিশের ভূমিকায় স্বয়ং নায়ক জিৎ। সৌজন্যে নীরজ পাণ্ডের খাকি, দ্য বেঙ্গল চ্যাপ্টার-র শুটিং চলছে। এর আগে ৩জুন, লোকসভা নির্বাচনের ফল ঘোষণার আগের দিন নীরজ তাঁর দলবল নিয়ে শ্যামবাজারের মোহনলাল স্ট্রিটে রেকি করতে গিয়েছিলেন। এবার সেখানে শুরু হয়ছে শ্যুটিং। স্থানীয় কিছু বাড়ির রং করে ভোলবদল হয়েছে রাতারাতি। বেশকিছু বাড়ির সামনে নতুন সাইন বোর্ড টাঙানো হয়েছে। তৈরি হয়েছে শহিদবেদি, লোকনাথ কোচিং সেন্টার, নকল কলপাড়, চায়ের দোকান আরও অনেক কিছু। শহিদবেদীতে জন্ম ও মৃত্যুসাল সত্তরের দশক এবং বিশ শতক দেখানো হচ্ছে। তাতে অনুমান ওই সময়ের কলকাতাকে ধ্বা হবে সিরিজে। আশপাশের বাড়ির বারান্দা, ছাদে উৎসাহী দর্শকের ভিড়। শ্যুটিংয়ের এক দৃশ্যে দেখা যাচ্ছে সাদা শার্ট, ডেনিম জিনসে নায়ককে ঘিরে একদল পুলিশকর্মী। প্রত্যেকের হাতে বন্দুক, লাঠি। দূরে বাজনা বাজছে। তাঁকে ঘিরে নাচছে স্থানীয়রা। জিতের নজরে তারাই। এক মহিলা সহকর্মী এবং বাকি পুলিশদের নিয়ে তিনি হনহনিয়ে হেঁটে যাচ্ছেন। শট নিতে কয়েকবার ড্রোনও ওড়ানো হয়েছে।
