
গ্যাব্রিয়েল জেসুসের সময়টা একদমই ভালো কাটছিল না। এই সিজনে আগের ২০ ম্যাচে ছিল একটিমাত্র গোল, শেষ ৮ ম্যাচে ছিল না একটিও।সেই জেসুস এবার পেয়ে গেলেন হ্যাটট্রিক, যা আর্সেনালের হয়ে তাঁর প্রথম।
জেসুসের একক নৈপুণ্যেই ক্রিস্টাল প্যালেসকে ৩–২ গোলে হারিয়ে ইংলিশ লিগ কাপের ,কারাবাও কাপ নামে পরিচিত,সেমিফাইনালে পৌঁছে গেছে আর্সেনাল।নিজেদের মাঠ এমিরেটস স্টেডিয়ামে আগের ম্যাচে প্রিমিয়ার লিগে ধুঁকতে থাকা এভারটনের সঙ্গে গোলশূন্য ড্র করেছিল আর্সেনাল।লন্ডনের দলটির ওপর তাই সমর্থকেরা কিছুটা মনঃক্ষুণ্ন ছিলেন। ম্যাচের শুরুতে নগর প্রতিদ্বন্দ্বী ক্রিস্টাল প্যালেস গানারদের বিপদ আরও বাড়ায়। ৪ মিনিটেই গোল করে প্যালেসকে এগিয়ে দেন জ্যঁ–ফিলিপ মাতেতা। এরপর গ্যালারি থেকে আসতে থাকে একের পর এক দুয়োধ্বনি, যা চলতে থাকে বিরতির আগপর্যন্ত। কারণ, ১–০ গোলে পিছিয়ে থেকেই যে বিরতিতে যেতে হয় আর্সেনালকে।তবে দ্বিতীয়ার্ধে ম্যাচের মোড় একাই ঘুরিয়ে দেন জেসুস। ৫৪, ৭৩ ও ৮১ মিনিটে গোল করে আর্সেনালকে এগিয়ে দেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড গ্যাব্রিয়েল জেসুস। ইংলিশ ফুটবলে তিনি শেষ হ্যাটট্রিক করেছিলেন ২০২২ সালে প্রিমিয়ার লিগে।তবে তা ম্যানচেস্টার সিটির হয়ে। ওয়াটফোর্ডের বিপক্ষে ম্যাচটিতে তিনি জাল কাঁপিয়েছিলেন চারবার।
জেসুসের হ্যাটট্রিকের পর ৮৫ মিনিটে ব্যবধান ৩–২ করে ফেলে প্যালেস। গোল করেন এ সিজনেই আর্সেনাল ছেড়ে প্যালেসে যোগ দেওয়া এডি এনকেটিয়া। দক্ষিণ লন্ডনের ক্লাবটিকে এরপর আর ম্যাচে ফিরতে দেয়নি আর্সেনাল।
