
কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী সনিয়া গান্ধীর সঙ্গে দেখা করেছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। স্ত্রী তথা বিধায়ক কল্পনা সোরেন’কে নিয়ে এদিন কংগ্রেসের সংসদীয় দলের চেয়ারপার্সন তথা রাজ্যসভা সদস্য সনিয়ার বাড়ি ১০ জনপথে গিয়ে দেখা করেছেন হেমন্ত সোরেন।
এই সাক্ষাৎকে সৌজন্য সাক্ষাৎ বলেছেন সোরেন। তিনি বলেন, লোকসভা ভোটের ফল ও জেল থেকে বেরনোর পর সনিয়া গান্ধীর সঙ্গে দেখা হয়নি বলেই তাঁর এদিন যাওয়া। ঝাড়খণ্ডের আসন্ন বিধানসভা ভোট নিয়ে তাঁদের মধ্যে কথা হয়েছে কিনা এ প্রশ্নের জবাবে সোরেন বলেছেন, ভোট নিয়ে কথাবার্তা চলছে। তবে সনিয়ার সঙ্গে ভোট নিয়ে আলোচনা হয়নি। তিনি আরও বলেছেন, এদেশের মানুষ অত্যন্ত সংবেদনশীল ও সহ্যশক্তি রয়েছে তাঁদের। যতক্ষণ পারা যায় সহ্য করে যাওয়ার পর ভোট দিয়ে বুঝিয়ে দেন, তাঁরা কী চান।








