
সৌদি আরবের রাস্তায় পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াইয়ের মাঝে পড়ে বেঘোরে প্রাণ দিতে হয়েছে ঝাড়খণ্ডের যুবককে। ২৭ বছর বয়সি বিজয় কুমার মাহাতো ঝাড়খণ্ডের গিরিডি জেলার বাসিন্দা ছিলেন।
গত ন’মাস ধরে বিদেশে কাজ করছিলেন। তাঁর দেহ দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। ক্ষতিপূরণ দাবি করেছে পরিবার। গিরিডির ডুমরি ব্লকের দুধাপানিয়া গ্রামে থাকতেন বিজয়। সৌদি আরবের জেদা শহরে একটি বেসরকারি সংস্থায় চাকরি করতেন। গত ১৬ অক্টোবর রাস্তায় বেরিয়ে পুলিশ এবং দুষ্কৃতীদের সংঘর্ষের মাঝে আটকে পড়েন যুবক। চেষ্টা করেও নিরাপদে সরে যেতে পারেননি। মাদক পাচারকারীদের একটি দলের সঙ্গে পুলিশের গুলির লড়াই চলছিল। আচমকা একটি গুলি এসে লাগে বিজয়ের গায়ে। তিনি গুরুতর জখম হন।
বিজয়ের পরিবার সূত্রে খবর, গুলিবিদ্ধ অবস্থায় স্ত্রী বাসন্তী দেবীকে হোয়াটসঅ্যাপে একটি বার্তা পাঠিয়েছিলেন তিনি। তাঁর গুলি লেগেছে, জানিয়েছিলেন। পরিবারের সদস্যরা মনে করেছিলেন, বিজয় জখম। হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। সেই কারণেই হয়তো ফোনে যোগাযোগ করতে পারছেন না। অনেক পরে পরিবার জানতে পারেন, বিজয়ের মৃত্য হয়েছে। যে সংস্থায় তিনি কাজ করতেন, তারাই পরিবারকে মৃত্যুসংবাদ দিয়েছে।
