
প্যালেস্টাইন-বিতর্কের মাঝে নিউ ইয়র্কের এক সংগ্রহশালার দেওয়া পুরস্কার প্রত্যাখান করেছেন আমেরিকার বাঙালি লেখিকা ঝুম্পা লাহিড়ী। সম্প্রতি পোশাকবিধি জারি করা নিয়ে বিতর্কে জড়িয়েছে নিউ ইয়র্কের ৪০ বছরের পুরনো নোগুচি মিউজ়িয়াম।
প্যালেস্টাইন প্রতিবাদের সঙ্গে অঙ্গাঅঙ্গি ভাবে জড়িত কেফিয়ে স্কার্ফ পরায় সেখান থেকে বরখাস্ত করা হয় তিন কর্মীকে। সেই ঘটনার প্রতিবাদ স্বরূপ ইসামু নোগুচি ২০২৪ পুরস্কার প্রত্যাখান করছেন পুলিৎজ়ার জয়ী ঝুম্পা লাহিড়ী।দ্য নেমসেক লেখিকার পুরস্কার প্রত্যাখ্যান প্রসঙ্গে মিউজ়িয়ামের বিবৃতি, তারা তাঁর দৃষ্টিভঙ্গিকে সম্মান করেন।তাদের পোশাকবিধি নীতি যে সকলের মতাদর্শের সঙ্গে মিলবে, এমন কোনও বাধ্যবাধকতা নেই।তাদের মূল্যবোধের পথ ধরেই ইসামু নোগুচির শিল্পকে বোঝার এবং বোঝানোর মূল লক্ষ্যে প্রতিশ্রুতিবদ্ধ থাকবেন তারা।তবে এই ঘটনাকে কেন্দ্র করে অসন্তোষ দেখা দিয়েছে মিউজ়িয়ামের অন্দরেও। এই পোশাকবিধির বিরোধিতা করে সংখ্যাগরিষ্ঠ কর্মীদের স্বাক্ষর-সহ একটি স্মারকলিপি জমা পড়েছে মিউজ়িয়াম কর্তৃপক্ষের দফতরে। তবে ঝুম্পা লাহিড়ীর মতো আন্তর্জাতিক মানের লেখকের এই ঘটনার প্রতিবাদে পুরস্কার প্রত্যাখ্যানের ঘটনায় মিউজ়িয়ামের জনপ্রিয়তায় খানিকটা আঁচ এসে পড়তে পারে বলে মনে করছেন অনেকেই।








