
ফরাসি সিনেমার সর্বোচ্চ সম্মাননা সেজার অ্যাওয়ার্ডস-এর ৫১তম আসরে মধ্যমণি হয়ে রইলেন হলিউডের কৌতুক অভিনেতা জিম ক্যারি। এ বছর সম্মানসূচক সেজার পুরস্কারে ভূষিত করা হয়েছে দ্য মাস্ক, এবং ইটারনাল সানশাইন অব দ্য স্পটলেস মাইন্ড- খ্যাত এই অভিনেতাকে।
তবে কেবল পুরস্কার গ্রহণ নয়, মঞ্চে দাঁড়িয়ে সম্পূর্ণ ফরাসি ভাষায় দেওয়া তার আবেগঘন ভাষণটি উপস্থিত সুধীজনের মন জয় করে নিয়েছে।পুরস্কার গ্রহণের জন্য জিম ক্যারিকে মঞ্চে আমন্ত্রণ জানান প্রখ্যাত পরিচালক মিশেল গন্ড্রি, যার নির্দেশনায় দু’ দশক আগে ক্যারিয়ারের অন্যতম সেরা কাজ উপহার দিয়েছিলেন তিনি। মঞ্চে উঠে জিম ক্যারি যখন ভাঙা ভাঙা ফরাসি টানে কথা বলা শুরু করেন, তখন পুরো মিলনায়তন করতালিতে মুখর হয়ে ওঠে। ভাষণে তিনি অভিনয়কে ভাস্কর্যের সঙ্গে তুলনা করে বলেন, প্রতিটি চরিত্রই একজন শিল্পীর হাতের কাদার মতো, যা হৃদয়ের গভীর থেকে রূপ দেওয়া হয়। বিশ্বজুড়ে মানুষের যে ভালোবাসা তিনি পেয়েছেন, তার জন্য নিজেকে অত্যন্ত ভাগ্যবান বলে অভিহিত করেন অভিনেতা জিম ক্যারি।ভাষণের একপর্যায়ে নিজের বংশলতিকার এক অজানা তথ্য তুলে ধরেন জিম ক্যারি। তিনি জানান, প্রায় ৩০০ বছর আগে তার পূর্বপুরুষ মার্ক-ফ্রাঁসোয়া কারে ফ্রান্সের সেন্ট মালো শহরে জন্মগ্রহণ করেছিলেন এবং পরে কানাডায় পাড়ি জমান। ফরাসি শব্দ,কারে-এর অর্থ হলো চতুর্ভুজ বা বর্গক্ষেত্র। অভিনেতা মজা করে বলেন, আজ এই সম্মাননা পাওয়ার মাধ্যমে তার জীবনের বৃত্তটি পূর্ণ হলো এবং বর্গক্ষেত্রটি আবার ফ্রান্সে ফিরে এলো। এ সময় দর্শকাসনে তার মেয়ে জেন, নাতি জ্যাকসন এবং বান্ধবী মিনা উপস্থিত ছিলেন।
পরিবার ও সঙ্গিনীকে ধন্যবাদ জানানোর পাশাপাশি নিজের বাবার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন জিম ক্যারি। তিনি বলেন, তার জীবনের দেখা সবচাইতে মজার মানুষ ছিলেন তার বাবা, যিনি তাকে ভালোবাসা ও হাসির মূল্য শিখিয়েছিলেন।
