
১০০ বছর বয়সে প্রয়াত হয়েছেন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট জিমি কার্টার। নোবেল শান্তি পুরস্কার জিতেছিলেন তিনি।
১৯৭৭ থেকে ১৯৮১ সাল পর্যন্ত আমেরিকার প্রেসিডেন্ট পদে ছিলেন। রবিবার জর্জিয়ার বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন জিমি কার্টার। আমেরিকার জর্জিয়া প্রদেশেই জন্ম জিমির। কেরিয়ারের শুরুতে সেখানে বাদাম চাষ করতেন। পরে জর্জিয়ার গভর্নর পদে নিযুক্ত হন তিনি। সেখান থেকে শামিল হন হোয়াইট হাউসের দৌড়ে। জিমির পুত্র চিপ কার্টার একটি বিবৃতিতে বলেছেন, শুধু তাঁর কাছেই নয়, শান্তি, মানবিকতা এবং নিঃস্বার্থ ভালবাসায় যাঁরা বিশ্বাস রাখেন, তাঁদের সকলের কাছেই তাঁর বাবা ছিলেন হিরো। আমেরিকার সবচেয়ে বেশি বয়সি প্রেসিডেন্ট ছিলেন জিমি। ব্রেন ক্যানসারে ভুগছিলেন। ২০১৫ সালে তাঁর এই রোগ ধরা পড়েছিল। আমেরিকার প্রেসিডেন্টের কুর্সিতে থাকাকালীন জিমির একাধিক কাজ প্রশংসিত হয়েছে আন্তর্জাতিক মহলে। মানবতা এবং সামাজিক অধিকারে জোর দিতেন তিনি।
ইজরায়েল এবং মিশরের মধ্যে শান্তিস্থাপনেও সক্ষম হয়েছিলেন। তবে খনিজ তেল সমস্যা-সহ একাধিক বিষয়ে তাঁর সরকার সমালোচিতও হয়েছে বার বার।






