
প্রিয়দর্শন, অক্ষয় কুমার জুটি চোদ্দো বছর বাদে জুটি বেঁধে ভুল ভুলাইয়া’র স্মৃতি ফেরালেন।ভূত বাংলা’র টিজার দেখলে এমন কৌতূহল অস্বাভাবিক নয়।
সেই চেনা প্রাসাদ,গা ছমছমে অদ্ভূতুড়ে সব ঘটনাবলী। তার সঙ্গে দমফাটা হাসি আর প্রেম-রোম্যান্স। প্রায় দু’দশক বাদে ভূত বাংলা’য় চেনা ফরম্যাটের স্বাদ দিয়েছেন বলিউডের একসময়কার ব্লকবাস্টার পরিচালক-অভিনেতা জুটি। অতঃপর ভুল ভুলাইয়া না,ভূত বাংলা,ঝলক দেখে গুলিয়ে ফেলা অস্বাভাবিক নয়,তবুও নতুন চমক রেখেছেন প্রিয়দর্শন। গল্পের প্রেক্ষাপট মঙ্গলপুর গ্রাম। এক রহস্যময় জায়গা,সেই গ্রামকে অভিশপ্ত বললেও অত্যুক্তি হবে না,কারণ এই গ্রামে বিয়ের সানাই বাজলেই বধাসুরের আগমন ঘটে। তাই গ্রামে বিয়ে মানেই আতঙ্ক। তবে ভূত বাংলা’য় আগত অতিথিরা সেসম্পর্কে আগে থেকে ঘুণাক্ষরেও টের পাননি। কিন্তু সেখানে থাকতে গিয়েই নানা অদ্ভূতুড়ে ঘটনার শিকার হতে হয় সকলকে।এমনভাবেই এগিয়েছে প্রিয়দর্শন পরিচালিত হরর কমেডি ঘরানার সিনেমা। টিজারে অন্তত তেমন ইঙ্গিতই মিলেছে। সেই অভিশপ্ত মঙ্গলপুরে গিয়ে বিপাকে পড়েন অক্ষয় কুমার,বাকিটা জানতে হলে অপেক্ষা করতে হবে এপ্রিল মাস পর্যন্ত। আগামী মাসের ১০ তারিখ প্রেক্ষাগৃহে রিলিজ করবে ভূত বাংলা।টিজারে ধরা পড়েছে পরেশ রাওয়াল, রাজপাল যাদব, আসরানির সঙ্গে অক্ষয় কুমারের কৌতুক সমীকরণ। ছবিতে খিলাড়ির সঙ্গে রোম্যান্স করবেন ওয়ামিকা গাব্বি।
দেখা গিয়েছে দুই বাঙালি অভিনেতা রাজেশ শর্মা, যিশু সেনগুপ্তকেও।পরিবারের বয়ঃজ্যেষ্ঠ সদস্যের ভূমিকায় ধরা দিয়েছেন যিশু। এছাড়াও এই সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাব্বুকে।
