
জম্মু-কাশ্মীরে টানা পঞ্চমবার জয়ী হয়েছেন সিপিএমের একমাত্র প্রার্থী মহম্মদ ইউসুফ তারিগামি।জম্মু-কাশ্মীরে ইন্ডিয়া জোটের অংশ হিসেবে লড়ছে সিপিএম।
৯০ সদস্য বিশিষ্ট জম্মু-কাশ্মীর বিধানসভায় বর্তমান প্রবণতা অনুযায়ী ন্যাশনাল কনফারেন্স এবং কংগ্রেস জোট পিছনে ফেলে দিয়েছে বিজেপিকে। ইতিমধ্যেই এই জোট ম্যাজিক ফিগার ছুঁয়ে ফেলেছে।উপত্যকায় এই রাজনীতির ডামাডোলের মধ্যে জয় নিশ্চিত করেছেন চারবারের বিধায়ক সিপিএম প্রার্থী মহম্মদ ইউসুফ তারিগামি। দক্ষিণ কাশ্মীরের কুলগাম আসনটি সিপিএম-এর শক্ত ঘাঁটি হিসেবেই পরিচিত। ১৯৯৬ সাল থেকে, এই আসনে একটানা পাঁচবার জিতেছেন মহম্মদ ইউসুফ তারিগামি। এ বছরেও এনসি-কংগ্রেস জোটের সর্বসম্মতভাবে প্রার্থী মনোনীত হন সিপিএম প্রার্থী মহম্মদ ইউসুফ তারিগামি। একের বিরুদ্ধে এক প্রার্থীর তত্ত্ব মেনে মহম্মদ ইউসুফ তারিগামির বিরুদ্ধে এনসি এবং কংগ্রেস এই কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা না করলেও প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির দল পিডিপি এবং অন্যান্য দল প্রার্থী দিয়েছিল। ২০০৮ সলে এই আসন থেকে ১৭ হাজার ১৭৫ ভোটে জয়ী হয়েছিলেন তিনি। ২০১৪ সালে শেষ নির্বাচনে জয়ের ব্যবধান ছিল ২০ হাজার ৫৭৪। সিপিএম-এর কেন্দ্রীয় কমিটির এই সদস্য, গুপকার অ্যালায়েন্সের অন্যতম আহ্বায়ক এবং মুখপাত্রও ছিলেন।
