
হস্টেলে বহিরাগতদের এনে মদ্যপান ও ধূমপানের অভিযোগে ২ ছাত্রকে ১ লক্ষ ৭৯ হাজার টাকা জরিমানা করেছে জেএনইউ।
জেএনইউ কর্তৃপক্ষ সূত্রের খবর, ওই দুই ছাত্রের বিরুদ্ধে ১২ জন বহিরাগতকে নিয়ে এসে হস্টেলে মদ্যপান করা এবং হুঁকো সেবনের প্রমাণ মিলেছে। তাই এই শাস্তিমূলক পদক্ষেপ। সেই সঙ্গে হস্টেলের বিধি ভেঙে হিটার জ্বালানোর অপরাধেও তাঁদের দোষী চিহ্নিত করা হয়েছে। ৮ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ তদন্তে দোষী চিহ্নিত হওয়ার পর নোটিস পাঠানো হয়েছে দুই পড়ুয়াকে। জরিমানা দেওয়ার জন্য দোষীদের পাঁচ দিন সময় দিয়েছেন জেএনইউ কর্তৃপক্ষ।
ওই সময়সীমার মধ্যে তা না দিলে বিশ্ববিদ্যালয় থেকে বরখাস্ত করা হবে বলেও নোটিসে জানিয়ে দেওয়া হয়েছে। ২২ ডিসেম্বর এবং ৫ জানুয়ারির রাতে বহিরাগতদের হস্টেলে নিয়ে আসার অভিযোগ রয়েছে ওই দুই ছাত্রের বিরুদ্ধে।
