
দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়, জেএনইউ-এর ছাত্র সংসদ ভোটে এ বারেও অব্যাহত বামেদের দাপট। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ছাত্র সংসদের মূল চারটি পদের তিনটিতেই জিতেছেন অতিবাম ছাত্র জোটের প্রার্থীরা।
অন্য দিকে, যু্গ্ম সম্পাদক পদে জিতেছেন সঙ্ঘের ছাত্র শাখা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ তথা এবিভিপির প্রার্থী। এই জয়ের ফলে জেএনইউয়ের ভোটে ন’বছর পর খাতা খুলল এবিভিপি।উল্লেখ্য,দীর্ঘ সাড়ে চার বছর পর ২০২৪ থেকে ছাত্র সংসদে নির্বাচন শুরু হয়েছে জেএনইউতে। এর আগে শুক্রবার ভোট গ্রহণ হয়েছিল দিল্লির এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদে। প্রায় ৭০ শতাংশ ভোট পড়েছিল।ভোট দিয়েছিলেন জেএনইউ-এর প্রায় সাড়ে পাঁচ হাজার পরীক্ষার্থী। রবিবার ভোটগণনা হয়। যুগ্ম সম্পাদক পদে এবিভিপির প্রার্থীর জয় প্রায় নিশ্চিত ছিল। সেই পদে জিতে প্রায় এক দশকের খরা কাটান এবিভিপির প্রার্থী বৈভব মীনা। অন্য দিকে, সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক পদে গোড়া থেকেই চলছিল হাড্ডাহাড্ডি লড়াই।ভোটগণনার বিভিন্ন পর্বে এগিয়ে যাচ্ছিলেন এবিভিপির প্রার্থীরা। কখনও আবার নকশালপন্থী ছাত্র জোটের প্রার্থীরা আশার আলো দেখছিলেন। তবে শেষ পর্যন্ত ছাত্র সংসদের সভাপতি পদে আইসা-র প্রার্থী নীতীশ কুমার, সহ-সভাপতি পদে ডিএসএফ -র প্রার্থী মনীষা এবং সাধারণ সম্পাদক পদে ডিএসএফ -র প্রার্থী মুনতেহা ফাতিমা জিতেছেন।
যদিও জয়ের ব্যবধান ছিল খুবই সামান্য। যা থেকে দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হাওয়াবদলের ইঙ্গিত স্পষ্ট।
