
হোমগার্ডের শূন্যপদ মাত্র ১৮৭, পরীক্ষার্থী ৮ হাজারেরও বেশি।সবাই একসঙ্গে বসে পরীক্ষা দিয়েছে বিমানের রানওয়েতে। এমনই ঘটনা ঘটেছে বিজেপি শাসিত ওড়িশায়।
এরপরেই আক্রমণের ঝড় উঠেছে রাজনৈতিক মহলে। এক্স হ্যান্ডেলে পোস্ট করে সরাসরি আক্রমণ করেছে পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূল কংগ্রেস।সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা,একটি ভিডিওতে দেখা গিয়েছে, সম্বলপুরের রানওয়েতে বসে পরীক্ষা দিচ্ছেন হাজার হাজার পরীক্ষার্থী। জানা গিয়েছে, ডিসেম্বরের ১৬ তারিখ সম্বলপুরের রানওয়েতে এই পরীক্ষা নেওয়া হয়েছে। উল্লেখ্য ,এস নিউজ এই ভিডিওর সত্যতা যাচাই করে নি। এই ঘটনার পর বিজেপি শাসিত ওড়িশার চাকরির অবস্থা তুলে ধরে সরকারকে সরাসরি তোপ দেগেছে তৃণমূল কংগ্রেস। এক্স হ্যান্ডেলে পোস্ট করে তৃণমূল কংগ্রেস লিখেছে, এটা কোনও সিনেমার দৃশ্য নয়।এটা বিজেপি শাসিত ওড়িশা। এমবিএ এবং এমসিএ পাশ করা ৮ হাজারের বেশি চাকরিপ্রার্থী ১৮৭টি হোমগার্ড পদের জন্য পরীক্ষা দিয়েছে।এটাই বিজেপির ডবল ইঞ্জিন সরকারের আসল সত্য।
পোস্টে আরও লেখা হয়েছে, হাতে ডিগ্রি আছে কিন্তু কাজ নেই। বেকারত্ব দুর্ঘটনা নয়, এটা বিজেপির সাফল্য।
