
মেদিনীপুরে এসএসসির কমিশনের শবদেহ কাঁধে করে প্রতীকী বিক্ষোভ দেখিয়েছেন চাকরিহারারা। বিক্ষোভকারীদের দাবি কমিশন শবদেহে পরিণত হয়েছে। কমিশনের কোনও ভূমিকা নেই। তাই শবদেহ বয়ে নিয়ে যাচ্ছেন।
কোথাও ডিআই অফিসে বিক্ষোভ, কোথাও ডিআই কে ঢুকতে বাধা। চাকরি ফেরতের দাবিতে বুধবার দিনভর উত্তপ্ত দুই মেদিনীপুর, নদিয়া, মালদা, বীরভূম, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ। পশ্চিম মেদিনীপুরের ডিআই স্বপন সামন্তকে অফিসে পৌঁছতেই তাঁকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকেন শিক্ষক শিক্ষিকারা। কার্যত একই ছবি নদিয়ার কৃষ্ণনগরে। ডিআই অফিসে তালা লাগিয়ে বিক্ষোভ দেখান শিক্ষকরা। বিক্ষোভ আছড়ে পড়েছে আসানসোলেও। সেখানে আশ্রম মোড়ে জিটি রোড অবরোধ করে বিক্ষোভ দেখায় চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। ধুন্ধুমার পরিস্থিতি মালদায়। সেখানে ডিআই অফিসে বিক্ষোভ দেখাতে গেলে শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে ধস্তাধস্তি বেধে যায় পুলিশের সঙ্গে। বিক্ষোভ থামাতে নামানো হয় র্যাফ।
চাকরি ফেরানোর দাবিতে মুর্শিদাবাদের ডিআই অফিসেও তালা লাগিয়ে বিক্ষোভ দেখান চাকরিহাবারা। কার্যত একই ছবি বীরভূমেও। কসবার মতই কার্যত একই ছবি বর্ধমানে। সেখানে ডিআই অফিসে চাকরিহারাদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি বেধে যায়।







