
স্ত্রীর বিবাহ-বহির্ভূত সম্পর্ক ছিল বলে সন্দেহ করতেন! সেই সন্দেহের বশে স্ত্রীর মাথায় হাতুড়ি মেরে খুন করেছেন স্বামী। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে নয়ডায়। নিহত আসমা খানের পুত্র থানায় অভিযোগ করেন। সেই অভিযোগের ভিত্তিতে নুরুল্লা হায়দরকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ৪২ বছরের আসমা এবং ৫৫ বছরের নুরুল্লা নয়ডার সেক্টর ১৫-র বাসিন্দা।
দু’জনেই ইঞ্জিনিয়ারিং পাশ করেছিলেন। আসমা দিল্লিতে থাকতেন। নয়ডার এক বেসরকারি সংস্থায় তিনি চাকরি করতেন। নুরুল্লা বিহারের বাসিন্দা। বর্তমানে তাঁর চাকরি ছিল না। ২০০৫ সালে নুরুল্লার সঙ্গে বিয়ে হয় আসমার। তাঁদের এক পুত্র এবং এক কন্যা রয়েছে। পুত্র ইঞ্জিনিয়ারিং পড়ছেন। কন্যা অষ্টম শ্রেণির ছাত্রী।
পুলিশ জানিয়েছে, দম্পতির পুত্র থানায় ফোন করে খুনের কথা জানান। নয়ডা পুলিশের ডেপুটি কমিশনার রামবদন সিং জানিয়েছেন, খবর পেয়েই ঘটনাস্থল পৌঁছয় পুলিশ এবং তাদের ফরেন্সিক দল। মহিলার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
