
মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সম্মানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আয়োজিত রাজকীয় নৈশভোজে বিশ্বের শীর্ষ ধনীদের অন্যতম ইলন মাস্ক, অ্যাপেল সিইও টিম কুকের মাঝখানে বসা এক মহিলা সবার দৃষ্টি আকর্ষণ করেছেন।
বিশ্বের বাঘা বাঘা সব ব্যবসায়ী ও নেতাদের মধ্যে থাকা ওই মহিলার পরিচয় নিয়ে অনেকেই কৌতূহলী হয়ে উঠেছেন। তিনি আর কেউ নন, চীনের দ্বিতীয় শীর্ষ ধনী ব্যবসায়ী লেন্স টেকনোলজির কর্ণধার জো কুনফেই। চলতি বছর মার্কিন সাময়িকী ফোর্বসের করা বিশ্বের ক্ষমতাশালী মহিলাদের তালিকায় ৫৬ বছর বয়সী জো কুনফেই আছেন ২৮ নম্বরে। ১৯৭০ সালে চীনের হুনান প্রদেশের এক দরিদ্র পরিবার থেকে উঠে আসা জো পরিশ্রম আর অধ্যবসায় দিয়ে হয়ে উঠেছেন বিশ্বের মহিলা অগ্রযাত্রার অন্যতম প্রতীক। চীনের কঠিন শ্রম পরিবেশে কোনো ধরনের পারিবারিক প্রভাব বা রাজনৈতিক পৃষ্ঠপোষকতা ছাড়াই জো যেভাবে নিজেকে বর্তমান অবস্থানে নিয়ে এসেছেন, তা গল্পকেও হার মানায়। ভোজসভায় লেন্স টেকনোলজির কর্ণধার জো কুনফেই ছিলেন বিশেষ মর্যাদাপূর্ণ অবস্থানে। রাষ্ট্রীয় ভোজসভায় তিনি তার দুই সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রাহক অ্যাপলের সিইও টিম কুক এবং টেসলার প্রতিষ্ঠাতা ইলন মাস্কের মাঝখানে বসার সুযোগ পান। উল্লেখ্য ১৯৭০ সালে হুনানের দরিদ্র পরিবারে জন্ম নেওয়া জো মাত্র ১৫ বছর বয়সে স্কুল ছাড়তে বাধ্য হন।
তাকে কাজের খোঁজে পাড়ি জমাতে হয় চীনের প্রযুক্তি নগরী শেনঝেনে। সেখানে তিনি কারখানায় শ্রমিকের কাজ শুরু করেন।এরপর নিজের একটু একটু করে জমানো ২০ হাজার হংকং ডলার দিয়ে ১৯৯৩ সালে একটি ছোট অ্যাপার্টমেন্টে ঘড়ির গ্লাসের ওপর স্ক্রিন প্রিন্টিংয়ের ব্যবসা শুরু করেন জো। সেখান থেকেই এক দশক পরে জন্ম নেয়, লেন্স টেকনোলজি। চীনের হুনান প্রদেশের চাংশায় এই বহুজাতিক কোম্পানি এখন বিশ্বের স্মার্ট ডিভাইস, বিশেষ করে স্মার্টফোন, ট্যাবলেট এবং পরিধানযোগ্য প্রযুক্তির গ্লাস ও প্রতিরক্ষামূলক কাচ তৈরির শীর্ষ প্রতিষ্ঠান।





