জনি ডেপের মেকওভার

0
90
ছবি সৌজন্যে : এক্স

নীল রঙের বারকোড ওভারকোট, মাথায় হ্যাট, লম্বা ধূসর সাইডবার্ন,এই লুকে তাকালে কাউকে চেনার উপায় নেই। প্রথম দেখায় চোখ কপালে ওঠার মতোই অবস্থা।

ডেইলি মেইলে প্রকাশিত ছবিগুলো দেখে ফ্যানরাও মুহূর্তের জন্য থমকে যাবেন।লুক বদলে চরিত্রের সঙ্গে একাকার হয়ে যাওয়ার যে অসামান্য ক্ষমতা, সেটি যাঁর ট্রেডমার্ক,তিনি হলেন পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান–খ্যাত হলিউড তারকা জনি ডেপ।নতুন সিনেমার জন্য নিজেকে এমনভাবে রূপান্তরিত করেছেন যে, তাঁকে চিনে নেওয়াই দায়। এদিকে অভিনেত্রী অ্যাম্বার হার্ডের সঙ্গে বিচ্ছেদকে ঘিরে দীর্ঘ তিন বছর আইনি লড়াইয়ের পর আবার বড় পর্দায় ফিরছেন জনি ডেপ, সেই খবরও সামনে আসে এই ছবিগুলোর মাধ্যমেই।চার্লস ডিকেন্সের ক্ল্যাসিক গল্প আ ক্রিসমাস ক্যারল অবলম্বনে নির্মিত হচ্ছে সিনেমা অ্যাবেনিজার আ ক্রিসমাস ক্যারল। এতে গল্পের কেন্দ্রীয় চরিত্র অ্যাবেনিজার স্ক্রুজের ভূমিকায় অভিনয় করছেন ডেপ। এই চরিত্রের জন্য তাঁর মেকওভার দেখে রীতিমতো চমকে যেতে বাধ্য ফ্যানরা।অন্যদিকে ব্রিটেনে শুটিং চলাকালে অভিনেত্রী আন্দ্রেয়া রিজবোরোর সঙ্গে হাসি-আড্ডায় মগ্ন অবস্থায় ক্যামেরাবন্দি হয়েছেন ৬৩ বছর বয়সী অভিনেতা জনি ডেপ। সিনেমায় ঘোস্ট অব ক্রিসমাস পাস্ট’ চরিত্রে অভিনয় করছেন রিজবোরো।তাঁকে দেখা গেছে সাদা গাউন, সাদা পরচুলা ও চোখে কন্টাক্ট লেন্স,ভৌতিক আবহ ফুটিয়ে তুলতে সাজানো হয়েছে বিশেষভাবে।সবকিছু ঠিক থাকলে, চলতি বছরের নভেম্বরে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে সিনেমাটি। এতে জনি ডেপের সঙ্গে আরো অভিনয় করছেন স্যার ইয়ান ম্যাককেলান, স্টার ওয়ার্স–খ্যাত ডেইজি রিডলি, ব্রিটিশ অভিনেত্রী এলি ব্যাম্বার, হ্যারি পটার তারকা রুপার্ট গ্রিন্ট, দ্য হাঙ্গার গেমস–এর ট্রামেল টিলম্যান ও স্যাম ক্লাফ্লিন।

এর মাঝেই আবার নতুন করে ডালপালা মেলেছে আরেক গুঞ্জন। ব্লকবাস্টার পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান সিরিজের ষষ্ঠ কিস্তিতে ক্যাপ্টেন জ্যাক স্প্যারো হিসেবে জনি ডেপকে ফের দেখা যাবে কি না, এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে হলিউডে। প্রযোজক জেরি ব্রুকহেইমারের সঙ্গে আলোচনার খবর প্রকাশের পর থেকেই জল্পনা তুঙ্গে।