
রাজ্যে পালাবদলের পর আয়ুষ্মান ভারতের মতো প্রকল্প চালুর সিদ্ধান্ত হয়েছে, জল জীবন মিশনে বরাদ্দ বেড়েছে। এবার স্বচ্ছ ভারত মিশনেও যুক্ত হচ্ছে পশ্চিমবঙ্গের একাধিক শহর। দিল্লিতে স্বচ্ছ ভারত মিশন সংক্রান্ত একটি বৈঠক ডেকেছিলেন কেন্দ্রীয় নগরোন্নয়ন মন্ত্রী মনোহরলাল খাট্টার।
বিভিন্ন রাজ্যের প্রতিনিধিরা সেখানে উপস্থিত ছিলেন। পশ্চিমবঙ্গের তরফে ওই বৈঠকে যোগ দেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পল। ১০ বছর পর এই ধরনের কোনও বৈঠকে যোগ দিলেন বাংলার কোনও মন্ত্রী। বৈঠক শেষে মন্ত্রী অগ্নিমিত্রা পল জানিয়েছেন, আগের সরকারের আমলে স্বচ্ছ ভারত প্রকল্পে সেভাবে কাজ করতে পারা যায় নি। অন্য রাজ্যগুলি ভালো কাজ করছে। মাত্র ১৬ শতাংশ টাকা খরচ হয়েছে। বৈঠক শেষে অগ্নিমিত্রা পল বলেছেন,পশ্চিমবঙ্গের চার শহরে প্রাথমিকভাবে স্বচ্ছ ভারতের মাধ্যমে একাধিক পাইলট প্রজেক্ট শুরু হচ্ছে। স্বচ্ছ্ব ভারতের অধীনে প্রায় ২০০ কোটির প্রকল্প পাওয়া যাবে। কেন্দ্রীয় নগরোন্নয়ন মন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন, স্বচ্ছ ভারতের অধীনে প্রকল্প নিয়ে যেতে পারলেই টাকা পয়সার কোনও অসুবিধা হতে পারে না।
দুর্গাপুর-আসানসোল, কালিম্পং এবং দার্জিলিংকে প্রাথমিকভাবে স্বচ্ছ ভারতের অধীনে পাইলট প্রজেক্টের অংশ হিসাবে কাজ করা হবে। পশ্চিমবঙ্গের নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পল বলেছেন, প্রতিটি শহরে পরিচ্ছন্নতায় জোর দেওয়া হবে। শুধু মূল রাস্তাগুলি নয়, অলিগলির ভিতর সর্বত্র পরিচ্ছন্নতায় জোর দেওয়া হবে। ওই চার শহরকে প্লাস্টিকমুক্ত করা হবে। একইসঙ্গে তাঁর বক্তব্য,শুধু পরিচ্ছন্নতা নয়, ময়লা-আবর্জনা এখন নানা কাজে ব্যবহৃত হয়। সেগুলিকে সঠিকভাবে ব্যবহার করতে হবে। অগ্নিমিত্রা পল জানিয়েছেন, চলতি মাসের শেষেই কেন্দ্রীয় নগরোন্নয়ন মন্ত্রী মনোহরলাল খাট্টার পশ্চিমবঙ্গে আসবেন।








