
উত্তরপ্রদেশের সীতাপুরে লখনউ-দিল্লি জাতীয় সড়কের ওপর গুলি করে খুন করা হয়েছে এক সাংবাদিক ও আরটিআই কর্মীকে। মৃত রাঘবেন্দ্র বাজপেয়ী উত্তরপ্রদেশের হিন্দি দৈনিক পত্রিকার স্থানীয় সংবাদদাতা ছিলেন। জানা গিয়েছে, দুষ্কৃতীরা প্রথমে তাঁর মোটরবাইকে ধাক্কা মারে এবং এরপর তাঁকে তিনবার গুলি করা হয়। স্থানীয় সূত্রে খবর, ৩৫ বছর বয়সী ওই সাংবাদিক বাড়ি থেকে বের হওয়ার পর শনিবার বিকালে তাঁকে জাতীয় সড়কে গুলি করে হত্যা করা হয়েছে।
পুলিশের দাবি, অভিযুক্তদের ধরতে চারটি দল গঠন করা হয়েছে। মহোলি, ইমালিয়া ও কোতওয়ালি থানার পুলিশ ছাড়াও সার্ভেইল্যান্স ও স্পেশাল অপারেশন গ্রুপ এর টিম তদন্তে নেমেছে।





