
আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, নাহলে হোয়াইট হাউসের প্রেস অফিসের মূল অংশে সাংবাদিকেরা প্রবেশ করতে পারবেন না।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন শুক্রবার এ নিষেধাজ্ঞা জারি করে বলেছে, সংবেদনশীল উপকরণ সুরক্ষিত রাখতে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। নিষেধাজ্ঞার অর্থ, এখন থেকে যেসব সাংবাদিকের অ্যাপয়েন্টমেন্ট থাকবে না, তাঁরা হোয়াইট হাউসের ওয়েস্ট উইংয়ের আপার প্রেস নামে পরিচিত এলাকায় প্রবেশ করতে পারবেন না। ওই জায়গায় প্রেস সচিব ক্যারোলিন লেভিটের কার্যালয় অবস্থিত।
এই সিদ্ধান্তের পক্ষে ব্যাখ্যা দিতে গিয়ে হোয়াইট হাউসের যোগাযোগ বিষয়ক পরিচালক স্টিভেন চুয়াং বলেছেন, সাংবাদিকেরা ওই এলাকায় মন্ত্রিসভার সদস্যদের হঠাৎ ঘিরে ধরেন এবং গোপনে ভিডিও-অডিও রেকর্ড করেন। যদিও তিনি তাঁর এ অভিযোগের পক্ষে কোনও প্রমাণ পেশ করেননি।
