
অবসরের ঠিক মুখে দেশের বিচারকদের একাংশের অবাঞ্ছিত, অগ্রহণযোগ্য ও অপ্রাসঙ্গিক রায়দানের প্রবণতা বাড়ছে বলে মনে করছে সুপ্রিম কোর্ট। বুধবার মধ্যপ্রদেশের এক জেলা জজের বিরুদ্ধে সাসপেনশন স্থগিতের আবেদন সংক্রান্ত মামলায় এই পর্যবেক্ষণ করেছেন দেশের প্রধান বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচি।
সুপ্রিম কোর্টের মন্তব্য, মামলাকারী তাঁর অবসর গ্রহণের ঠিক আগে হাত খুলে ছক্কা হাঁকাচ্ছেন! এই প্রবণতা দুর্ভাগ্যজনক। মধ্যপ্রদেশের পান্না জেলার মুখ্য জেলা ও দায়রা বিচারক রাজারাম ভারতীয়া। তাঁর অবসর নেওয়ার কথা ছিল চলতি বছরের ৩০ নভেম্বর। কিন্তু তাঁকে সাসপেন্ড করা হয় ১৯ নভেম্বর। সাসপেনশনকে চ্যালেঞ্জ করে এবং তার উপর স্থগিতাদেশ চেয়ে তিনি সুপ্রিম কোর্টে মামলা করেন। সূত্রের খবর, মধ্যপ্রদেশের এক রাজনৈতিক নেতা—যিনি একটি স্টোন ক্রাশার ফার্মেরও মালিক—তাঁর বিরুদ্ধে রাজস্ব ফাঁকি দেওয়ায় ১০০ কোটি টাকা জরিমানা করেন পান্নার জেলা কালেক্টর। বিচারক রাজারাম তাঁর অবসরের মুখে কালেক্টরের নির্দেশ খারিজ করে দেন।
তার পরেই বিচারকের নির্দেশ নিয়ে চুলচেরা স্ক্রুটিনি হয় মধ্যপ্রদেশ হাইকোর্টে। হাইকোর্টের প্রশাসনিক বিভাগ সর্বসম্মত সিদ্ধান্ত নেয় তাঁকে সাসপেন্ড করার। ওই সিদ্ধান্ত নেওয়া হয় বিচারকের অবসরের ১১ দিন আগে। তবে কী কারণে সাসপেনশন, তার ব্যাখ্যা দেয়নি মধ্যপ্রদেশ হাইকোর্টের প্রশাসনিক বিভাগ।
