
সুপ্রিম কোর্ট যেভাবে আইনসভায় পাশ হওয়া বিল নিয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য রাষ্ট্রপতিকে সময়সীমা বেঁধে দিচ্ছে, সেটা করা যায় না। ফের সরাসরি বিচারব্যবস্থাকে নিশানা করেছেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়। তাঁর বক্তব্য, এভাবে ভারতের রাষ্ট্রপতিকে কেউ বিল নিয়ে সিদ্ধান্ত নিতে বাধ্য করতে পারে না।
১১ এপ্রিল আইনসভায় পাশ হওয়া বিল নিয়ে শীর্ষ আদালতের পর্যবেক্ষণ ছিল, আইনসভা থেকে পাশ হয়ে আসা বিল অনন্তকাল আটকে রাখতে পারেন না রাষ্ট্রপতি। তিনমাসের মধ্যে তাঁকে মতামত জানিয়ে দিতে হবে। রাজ্যপালদের জন্যও ওই একই নির্দেশ দেয় শীর্ষ আদালত। এরপরই উপরাষ্ট্রপতির প্রশ্ন, কোন পথে এগোচ্ছে দেশ। গণতন্ত্রের সঙ্গে কোনওদিন আপস করা হয়নি।
এখন দেখা যাচ্ছে, ভারতের রাষ্ট্রপতিকেও একটা বিল নিয়ে সিদ্ধান্ত নেওয়ার ডেডলাইন বেঁধে দেওয়া হচ্ছে। এটা তো আর সামান্য কিছু নিয়ে মতামত দেওয়া নয়। এখানে বলা হচ্ছে, সময়মতো সিদ্ধান্ত না নিলে বিল আইনে পরিণত হবে।
