
৯ জুলাই কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলির ডাকা সর্বভারতীয় ধর্মঘটে ছুটি নয়, অফিসে হাজিরা বাধ্যতামূলক, বিজ্ঞপ্তি জারি করে এমনটাই জানিয়েছে নবান্ন।
অডিট ব্রাঞ্চ থেকে জারি হওয়া নির্দেশিকায় জানানো হয়েছে, ৯ জুলাই কোনওভাবেই ক্যাজুয়াল লিভ বা অন্য কোনও ছুটি গ্রহণযোগ্য নয়। যে কর্মীরা ওই দিন অনুপস্থিত থাকবেন, তাঁদের বেতন কাটা যাবে।পাশাপাশি অনুপস্থিতিতে চাকরিজীবন থেকে একদিন বাদ যাবে। তবে বিজ্ঞপ্তিতে কয়েকটি নির্দিষ্ট ক্ষেত্রে ছাড় দেওয়ার কথা জানানো হয়েছে—কোনও কর্মী হাসপাতালে ভর্তি থাকলে, পরিবারে মৃত্যুর ঘটনা ঘটলে, ৮ জুলাইয়ের আগে থেকে গুরুতর অসুস্থতার কারণে ছুটিতে থাকলে, ৮ জুলাইয়ের আগেই অনুমোদিত মাতৃত্বকালীন ছুটি, চাইল্ড কেয়ার লিভ, মেডিক্যাল বা আর্নড লিভে থাকলে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৯ জুলাই যদি কোনও কর্মী অফিসে না আসেন, তবে তাঁকে শোকজ নোটিস পাঠানো হবে। সন্তোষজনক জবাব ও যথাযথ নথি না দিলে ছুটি মঞ্জুর করা হবে না। এমনকি, পরবর্তী সময়ে শাস্তিমূলক ব্যবস্থাও নেওয়া হতে পারে।
এই নির্দেশিকা কার্যকর করতে সমস্ত দফতরের আধিকারিকদের ৩১ জুলাইয়ের মধ্যে রিপোর্ট পাঠাতে বলা হয়েছে অর্থ দফতরে।







