
ফলপ্রকাশের পরেই রাজস্থানের কোটায় ১০তলা বহুতল থেকে ঝাঁপ দিয়ে নিট পরীক্ষার্থীর আত্মহত্যায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের নাম বাগিশা তিওয়ারি।
পুলিশ সূত্রে খবর, নিটের প্রস্তুতির জন্য কোটায় এসেছিলেন বাগিশা তিওয়ারি। একটি বহুতল আবাসনে ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকতেন। তাঁর সঙ্গে ওই আবাসনেরই পাঁচ তলায় থাকতেন বাগিশা তিওয়ারির মা এবং ভাই। এই বছরে নিট পরীক্ষা দিয়েছিলেন বাগিশা তিওয়ারি। মঙ্গলবার সেই পরীক্ষার ফলপ্রকাশ হয়। তার পরেই আবাসনের নীচ থেকে বাগিশা তিওয়ারিকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।পুলিশ জানিয়েছে, মধ্যপ্রদেশের রীবা জেলার বাসিন্দা বাগিশা তিওয়ারি। তাঁর ভাই দ্বাদশ শ্রেণিতে পড়ছে। জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিল।প্রাথমিক ভাবে পুলিশ জানতে পেরেছে, আবাসনের দশ তলা থেকে ঝাঁপ দিয়েছিলেন বাগিশা তিওয়ারি। আবাসনের কয়েক জন তাঁকে ছাদের দিকে যেতেও দেখেছিলেন বলে জানতে পেরেছে পুলিশ। তবে কেন আত্মঘাতী হলেন বিদিশা, সেই বিষয়টি স্পষ্ট হয়নি।
