
৪ জুন লোকসভা নির্বাচনের ফলপ্রকাশের ২৪ ঘণ্টা আগে বিরোধী মঞ্চ ইন্ডিয়া’র নেতানেত্রীরা বৈঠকে বসতে চলেছেন।
ভোটের ফলাফল অনুকূলে হবে ধরে নিয়ে এই প্রাক্কথনের উদ্যোক্তা ডিএমকে নেতা তথা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন।৩ জুন ডিএমকে-র প্রাণপুরুষ এম করুনানিধির ১০০ বছর পূর্তি। ওই দিন সকালে এমকে স্ট্যালিন, বিরোধী মঞ্চের প্রত্যেক দলনেতাকে দিল্লিতে তাঁদের দলীয় দফতরে শ্রদ্ধাজ্ঞাপনের অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছেন। অন্য দলগুলির পাশাপাশি, তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও আমন্ত্রিত। সেখানে সব নেতানেত্রী নিজেদের মধ্যে কথা বলার পরিসর পাবেন। তৃণমূল কংগ্রেস সূত্রে খবর, ওই অনুষ্ঠানে তারা অবশ্যই যোগ দেবে। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের যাওয়ার সম্ভাবনা কম, তিনি প্রতিনিধি পাঠাবেন। কাকে পাঠানো হবে তা অবশ্য এখনও স্থির হয়নি।কংগ্রেস সূত্রে খবর, জোট রাজনীতিতে এই আগাম আলোচনার রেওয়াজ নতুন নয়। কোনও একজন নেতা প্রাথমিকভাবে দায়িত্ব নেন সকলকে একজোট করার।








