
আর জি কর আন্দোলনের অন্যতম ৩ মুখ চিকিৎসক দেবাশিস হালদার, অনিকেত মাহাত, আসফাকুল্লা নাইয়াকে বদলি নিয়ে নতুন করে চর্চায় স্বাস্থ্যভবন। প্রতিবাদে স্বাস্থ্যভবনে স্বাস্থ্যসচিবের ঘরের সামনে ধর্নায় বসেছেন তাঁরা।
অভিযোগ ব্যাঙ্কের মাধ্যমে পাওয়া হাসপাতাল থেকে সরিয়ে তাঁদের বিভিন্ন জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। কাউন্সেলিংয়ে হাওড়া জেলা হাসপাতালে সিনিয়র রেসিডেন্ট ডক্টর হিসেবে পোস্টিং পেয়েছিলেন দেবাশিস হালদার। কিন্তু জয়েনিং লেটারে হাওড়ার বদলে মালদার গাজোল হাসপাতালের নাম উল্লেখ রয়েছে। ঠিক তেমনই র্যাঙ্কিংয়ের ভিত্তিতে আর জি কর হাসপাতালে পোস্টিং পাওয়া অনিকেত মাহাতকে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে। অন্যদিকে আরামবাগ মেডিক্যাল কলেজ থেকে আসফাকুল্লা নাইয়াকে পাঠানো হয়েছে পুরুলিয়ার দেবেন মাহাত সদর হাসপাতালে। এরই ব্যাখ্যা চাইতে দেবাশিস হালদার, অনিকেত মাহাত, আসফাকুল্লা নাইয়ারা স্বাস্থ্যসচিবের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। কিন্তু স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগমের ঘরের বাইরেই তাঁদের আটকে দেওয়া হয়। সেখানেই অবস্থান শুরু করেছেন ৩ জন।
তাঁদের দাবি স্বাস্থ্যভবনে যে স্বচ্ছতার লড়াইয়ের জন্য তাঁরা নেমেছিলেন আদতে সেটা যে হয়নি এটা তারই উদাহরণ। স্বাস্থ্যভবন সেই স্বৈরাচারী মনোভাব নিয়েই চলছে।





