
সুপ্রিম কোর্টে আর জি কর মামলা শুনতে পারেন বিচারপতি জয়মাল্য বাগচী। ওই মামলায় প্রধান বিচারপতির বেঞ্চে থাকতে পারেন তিনি। শীর্ষ আদালত সূত্রে খবর, সোমবার দেশের সর্বোচ্চ আদালতের বিচারপতি হিসাবে শপথ নেবেন বিচারপতি। তার পরেই প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে তৃতীয় বিচারপতি হিসাবে তাঁকে দেখা যেতে পারে।
সোমবার প্রায় দেড় মাস পরে সুপ্রিম কোর্টে উঠছে আর জি কর মামলা। বেলা সাড়ে ১১টা নাগাদ ওই মামলার শুনানি শুরু হওয়ার কথা। তখনই প্রধান বিচারপতি, বিচারপতি সঞ্জয় কুমারের সঙ্গে বসতে পারেন বিচারপতি জয়মাল্য বাগচী।
১০ মার্চ কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচীকে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে নিয়োগের ছাড়পত্র দেয় কেন্দ্রীয় সরকার। তার আগে শীর্ষ আদালতের কলেজিয়াম তাঁকে বিচারপতি হিসাবে মনোনীত করেছিল। এর আগে হাইকোর্টে আর জি করের আর্থিক দুর্নীতির মামলা শুনেছেন তিনি।







