
আমেরিকায় ক্লাব বিশ্বকাপ অভিযান শুরুর আগে কোচ ইগর টুডরের চুক্তির মেয়াদ বাড়িয়েছে জুভেন্টাস। ২০২৭ সালের জুন পর্যন্ত তুরিনের ক্লাবটিতে থাকবেন তিনি।সেরি আর দলটি এক বিবৃতিতে ৪৭ বছর বয়সী ক্রোয়াট কোচের চুক্তির মেয়াদ দু বছর বাড়ানোর কথা জানায়। সঙ্গে আরও এক বছর মেয়াদ বাড়ানোর সুযোগ রাখা হয়েছে চুক্তিতে।
উল্লেখ্য আগের কোচ থিয়াগো মোত্তাকে বরখাস্ত করে গত মার্চে ক্লাবের প্রাক্তন ডিফেন্ডার টুডরকে দায়িত্ব দেয় জুভেন্টাস। ততদিনে চ্যাম্পিয়ন্স লিগসহ ঘরোয়া সকল কাপ প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছিল দলটি। সেরি আয় ছিল পাঁচ নম্বরে। টুডরের কোচিংয়ে লিগে মাত্র একটি ম্যাচ হেরে চারে থেকে আসর শেষ করে আগামী সিজনের চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নেয় জুভেন্টাস।
ওয়াশিংটনে সংযুক্ত আরব আমিরশাহির ক্লাব আল-আইনের বিপক্ষে ম্যাচ দিয়ে ক্লাব বিশ্বকাপ অভিযান শুরু করবে টুডরের দল। জি গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ ওয়াইদাদ এসি ও ম্যানচেস্টার সিটি।







