
২০২১-র জয়কে ছাপিয়ে গিয়ে কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে জয়ী হয়েছেন প্রয়াত তৃণমূল বিধায়ক নাসিরুদ্দিন লাল আহমেদের কন্যা আলিফা আহমেদ।
কালীগঞ্জ বিধানসভায় ৪৯ হাজার ৭৫৫ ভোটে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বিজয়ী প্রার্থীর পিতা, কালীগঞ্জের প্রয়াত তৃণমূল বিধায়ক নাসিরুদ্দিন লাল আহমেদ ৪৬ হাজার ৯৮৭ ভোটে জয়ী হয়েছিলেন। সে দিক থেকে দেখলে চার বছর পর পিতার জয়ের ব্যবধানকেও ছাপিয়ে গিয়েছেন কন্যা। কালীগঞ্জে দ্বিতীয় স্থানে শেষ করেছে বিজেপি, তাদের প্রার্থী আশিস ঘোষের প্রাপ্ত ভোট ৫২ হাজার ৪২৪। কংগ্রেস প্রার্থীর প্রাপ্ত ভোট ২৮ হাজার ২৬২।আর নোটায় ভোট পড়েছে ২ হাজার ৫০০। কালীগঞ্জে ভোট গণনা শুরু হওয়ার পর শুরু থেকেই এগিয়ে ছিলেন তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ৷ তবে প্রথম রাউন্ডেই বিজেপি প্রার্থীকে পিছনে ফেলে দু নম্বরে উঠে আসেন বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী৷ এর পরের কয়েকটি রাউন্ডে আবার দু’নম্বরে উঠে আসেন বিজেপি প্রার্থী৷
আবার সপ্তম, অষ্টম রাউন্ডে বিজেপি প্রার্থীকে পিছনে ফেলে এগিয়ে যান কংগ্রেস প্রার্থী কাবিলউদ্দিন শেখ৷ যদিও এর পর ক্রমশ পিছিয়ে পড়তে থাকেন তিনি৷ শেষ পর্যন্ত দ্বিতীয় স্থানই দখল করে বিজেপি৷ তৃতীয় হয় কংগ্রেস৷








