
দুর্গাপুজোর থেকে কালীপুজোর ফুলের বাজারে আগুনের তাপ আরও বেড়েছে। আর তাই দীপাবলির উৎসবে ফুল কিনতে গিয়ে হাত পোড়াতে হচ্ছে উদ্যোক্তাদের।
ব্যবসায়ীরাও অবশ্য দাম বাড়ার অভিযোগ মেনে নিয়েছেন। তাঁদের কথায় দুর্গাপুজোর থেকেও কালীপুজোয় ফুলের দাম কয়েক গুণ বেড়েছে। রবিবার সকাল থেকেই হাওড়া ঘাট, কোলাঘাট, দেউলিয়া ফুল বাজারে হাজির ব্যবসায়ীরা। চড়া দামে পসরা সাজান জবা, পদ্ম, অপরাজিতা, গোলাপ, গাঁদা, রজনীগন্ধা ফুলের। লাল গাঁদা ১৮০-২০০ টাকা, হলুদ গাঁদা ২১০-২২০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। তিন ফুট সাইজের লম্বা লাল গাঁদাফুলের এক একটি মালা বিক্রি হয়েছে ৪০-৪ টাকায়। ওই একই সাইজের হলুদ গাঁদার এক-একটি মালা বিক্রি হয়েছে ৪০-৪৫ টাকায়।
অন্যদিকে দোপাটি ঝুরো প্রতিকেজি দাম ছিল ১৫০টাকা, অপরাজিতার দাম ছিল ৫০০-৬০০ টাকা। এক কিলো রজনীগন্ধার দাম ছিল ৭০০-৮০০ টাকা। পদ্ম বিক্রি হয়েছে প্রতি পিস ২০-২৫ টাকা দরে। হাজার জবার কুঁড়ির দাম ছিল ১১০০-১২০০ টাকা। গোলাপ প্রতি পিস ৩ থেকে ৪ টাকা।








