
আট ঘণ্টার বেশি কাজ করবেন না, এই শর্ত রাখার পর থেকে একের পর এক কাজ হারাচ্ছেন দীপিকা পাড়ুকোন। গুরুত্বপূর্ণ চরিত্রে থাকা সত্ত্বেও কিছু দিন আগেই তিনি বাদ পড়েছেন নাগ অশ্বিনের,কাল্কি ২৮৯৮ এডি-র সিক্যুয়েল থেকে।
এবার কাল্কি ২৮৯৮ এডি’র ক্রেডিট থেকে বাদ দিয়ে দেওয়া হলো দীপিকার নাম। স্বাভাবিকভাবেই বিষয়টিকে অপেশাদার বলে তোপ দেগেছেন অভিনেত্রীর ফ্যান ফলোয়াররা। গত বছরে মুক্তি পাওয়া কল্কি ২৮৯৮ এডি ছবিতে অন্তঃসত্ত্বা মহিলার চরিত্রে দেখা গেছে দীপিকাকে। বাস্তবেও সেই সময়ে অন্তঃসত্ত্বা ছিলেন অভিনেত্রী। ছবিটি বর্তমানে দেখা যাচ্ছে ওটিটি প্লাটফর্মে। সেখানে ছবির শেষে,এন্ড ক্রেডিট-এ ছবির সব অভিনেতা ও কলাকুশলীর নাম থাকলেও বাদ দিয়ে দেওয়া হয়েছে দীপিকার নাম।অথচ ছবিতে দীপিকা অতি গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন দীপিকার এক ফ্যান। অভিনেতা ও কলাকুশলীদের নামের তালিকার ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছেন সেই ফ্যান।সেই সঙ্গে তিনি লিখেছেন, ছবির শেষে শুধু নাম দেখানোই ক্রেডিট তালিকার কাজ নয়।একজনের কাজকে স্বীকৃতি দেওয়া এবং সম্মান জানানোও এর কাজ। অথচ,কাল্কি ছবিতে এত গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেও দীপিকা পাড়ুকোনের মতো অভিনেত্রীর নাম যুক্ত করা গেল না। এভাবে কোণঠাসা করা হচ্ছে?এই পোস্ট সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে মুহূর্তে। অন্য ফ্যান ফলোয়াররা ছবির নির্মাতাদের অত্যন্ত অপেশাদার বলে কটাক্ষ করেছেন। এক ফ্যান লিখেছেন, এই ঘটনা চূড়ান্ত অপেশাদার।
ছবিতে দীপিকা ছিলেন এবং ছবির হয়ে প্রচার পর্যন্ত করেছিলেন। অদ্ভুত বিষয় হলো, ওরা দীপিকাকে অপেশাদার বলে। অথচ বিষয়টা সম্পূর্ণ উল্টো।আর এক ফ্যান লিখেছেন, খুবই নিম্নরুচির পরিচয় এটা। দীপিকাকে আর কিছু করতে হলো না ওদের বিরুদ্ধে। ওরা নিজেরাই নিজেদের আসল রূপটা দেখিয়ে দিয়েছে। এবার ওরা কী করবে? কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি দীপিকার মুখটাও বদলে ফেলবে?
