
উত্তরকাশীর হড়পা বানে ধরালী গ্রামের কল্প কেদার মন্দির ধ্বংস্তূপের তলায় চলে গিয়েছে। কথিত আছে নির্বাচন কালে পাণ্ডবরা ওই মন্দির তৈরি করেছিলেন। গর্ভগৃহে থাকা শিবলিঙ্গটি নন্দীর পিঠের মতো দেখতে, যা কেদারনাথে শিবলিঙ্গের সঙ্গে সাদৃশ্যপূর্ণ।
এমনকী, ওই মন্দিরের স্থাপত্যশৈলীর সঙ্গেও মিল রয়েছে কেদারনাথ মন্দিরের। স্থানীয়রা ওই মন্দিরটিকে পঞ্চ কেদারের অংশ মনে করেন। বহু বছর আগে হিমবাহের পরিবর্তনের ফলে ওই মন্দিরটি অধিকাংশই মাটির নীচে চাপা পড়ে গিয়েছে। ১৯৪৫ সালে খনন কাজ চালিয়ে আবিষ্কার করা হয় মন্দিরটি। তারপর থেকে শুধুমাত্র মন্দিরে গম্বুজটি দৃশ্যমান ছিল। সেই গম্বুজে খোদাই করা ছিল কালভৈরবের মুখ।
দর্শনার্থীদের মন্দিরে প্রবেশ করতে হলে কয়েকধাপ সিঁড়ি ভেঙে নীচে নামতে হতো, কারণ এটি ভূপৃষ্ঠের কিছুটা গভীর অবস্থিত ছিল। কিন্তু আকস্মিক বন্যার জেরে পুনরায় ধ্বংসস্তূপের তলায় চাপা পড়ে গিয়েছে ঐতিহাসিক ওই মন্দির।
